রাজনৈতিক দ্বন্দ্বের কারণে রিপনকে খুন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বগুড়ার ধুনটে ছাত্রদলের কর্মী সাজেদুর রহমান ওরফে রিপনকে (২৪) অপহরণের পর খুন করা হয়েছে বলে হত্যা মামলার আসামি বাবু খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৬ আগস্ট বাবু খান গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। বর্তমানে মামলাটি গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে।
বাবু খান আদালতকে জানান, আওয়ামী লীগের নেতা সেলিম রেজা ও আবদুল মান্নানের সঙ্গে বিএনপি নেতা শফিউর রহমানের মথুরাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও খাদুলি উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়। এ কারণে শফিউর রহমানের ছেলে রিপনকে হত্যার জন্য সেলিম রেজা ও আবদুল মান্নানের সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি মোতাবেক তাঁদের কাছ থেকে দুই লাখ টাকা অগ্রিম নিয়ে রিপনকে অপহরণের পর হত্যা করা হয়েছে। বাকি তিন লাখ টাকা পরে দেওয়ার কথা ছিল। তিনি আরও জানান, জহুরুল, রাজ্জাক ও নিপুসহ তাঁরা চারজন মিলে এ কাজ বাস্তবায়ন করেন।
শফিউর রহমান বলেন, ‘নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে সেলিম ও মান্নান আমার বিরুদ্ধে থানায় দুটি চাঁদাবাজির মামলা দিয়ে আমাকে এলাকা ছাড়িয়েছে। পরে তারা আমার ছেলেকে অপহরণের পর হত্যা করেছে।’
তবে সেলিম রেজা বলেন, ‘মথুরাপুর ইউপির নির্বাচন নিয়ে শফিউর রহমানের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়। এ কারণে তাঁর ছেলের খুনি বাবু খানকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা জবানবন্দি দেওয়া হয়েছে।’
আবদুল মান্নান বলেন, ‘বিদ্যালয়ের কমিটি নির্বাচন নিয়ে শফিউর রহমানের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। তবে এ কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়নি।’
নিহত রিপনের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শফিউর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। সেলিম রেজা মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আবদুল মান্নান যুগ্ম সম্পাদক। তাঁরা সবাই খাদুলী গ্রামের বাসিন্দা।
গত ২২ জুন দুপুরে রিপনকে তার বন্ধু একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবু খান মোবাইল ফোনে ডেকে বাড়ি থেকে খাদুলী গ্রামের চারমাথা এলাকায় আনেন। এরপর তাঁরা সন্ধ্যায় ঢাকার উদ্দেশে চলে যান। পরদিন গাজীপুরের জয়দেবপুর উপজেলার জিরানী বাজার এলাকায় রিপনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় রিপনের চাচা নুরুন্নবী বাদী হয়ে ওই দিন রাতেই জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৪০ দিন পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাবু খান (২৪) ও তার সহযোগী একই ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের আবদুর রাজ্জাককে (৪০) শেরপুর উপজেলার তালতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।