রাজনৈতিক নেতাদের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ
নিউইয়র্কের ব্রুকলিন থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেস ও বাংলাদেশ ককাসের অন্যতম সদস্য ইভেট ক্লার্ক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক নেতাদের গুম হওয়ার ঘটনা সত্যিকার অর্থেই বিপজ্জনক।গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশিদের আয়োজিত এক সমাবেশ শেষে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদের সঙ্গে বৈঠক করেন ক্লার্ক। বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি ওই কথা বলেন।বৈঠকে বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড এবং বিরোধী দলের সভা-সমাবেশে বাধা ও নেতা-কর্মীদের জেল-জুলুমের নানা বিষয় তুলে ধরেন শওকত মাহমুদ।ইভেট ক্লার্ক বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে নির্বাচনে সবার অংশগ্রহণ এবং সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তিনি তদন্ত কার্যক্রমেরও উদ্যোগ নেবেন বলে বিবৃতিতে উল্লেখ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে জিল্লুর রহমান, হেলাল উদ্দীন ও অধ্যাপক শওকত আলী। বিজ্ঞপ্তি।