রাজনৈতিক নেতাদের মধ্যে লজ্জাবোধ জন্মাক: ইমরান
দেশের বন্যাদুর্গত মানুষের পাশে সরকার ও রাজনৈতিক দলগুলোর নেতারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন না বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি গতকাল শুক্রবার দুপুরে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণসামগ্রী নিয়ে জামালপুর জেলায় যাওয়ার পথে ময়মনসিংহ প্রেসক্লবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ বক্তব্য দেন।
ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চ তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী জামালপুর জেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াবে, যাতে তা দেখে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে লজ্জাবোধ জন্ম নেয়। আর সেই লজ্জাবোধ থেকে যেন তাঁরা দেশের বিভিন্ন জেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।
ইমরান অভিযোগ করেন, ত্রাণের অভাবে বন্যাদুর্গত মানুষের মৃত্যুর অপেক্ষা করছেন রাজনৈতিক নেতারা। এরপর তাঁরা বন্যাপীড়িত এলাকায় গিয়ে সমাবেশ করে বক্তব্য দেবেন।
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য এখনো পাঁয়তারা চলছে। এর নজির হিসাবেই গণজাগরণ মঞ্চের কার্যক্রমে বাধা-বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। তবে গণজাগরণ মঞ্চ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। তিনি গণজাগরণ মঞ্চের শুরু থেকে এখন পর্যন্ত ময়মনসিংহের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণজাগরণ মঞ্চের সংগঠক নুরুল আমিন, আবদুর রউফ এবং স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন।