রাজনৈতিক নৈরাজ্য এ মাসেই শেষ হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

এ মাসের মধ্যেই সব ধরনের রাজনৈতিক নৈরাজ্য শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘রাজনৈতিক নৈরাজ্যের কারণে অর্থনৈতিক কার্যক্রম ঠিকমতো পরিচালিত হতে পারেনি। কী করে মানুষ রোজগার করবে? তবে আমি আশা করি, এই মাসের মধ্যেই রাজনৈতিক নৈরাজ্য শেষ হয়ে যাবে।’

নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সঙ্গে নিয়ে আজ সোমবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যান অর্থমন্ত্রী। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী দুজনই গতকাল রোববার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।

এ মাসের শেষের দিকে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এবার আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী ছিল না। ২১ শতাংশ হারে আমরা আগেও রাজস্ব আদায় করেছি। কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল, আগের বছর যেহেতু পুরোপুরি লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা যায়নি। সে কারণেই প্রবৃদ্ধি বেড়ে গিয়েছিল।’

নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গত পাঁচ বছরে দেশের আর্থসামাজিক অবস্থার বিশাল পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে ভূমিকা রাখতে পারলে আমি খুশি হব।’

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে চলতি অর্থবছরে রাজস্ব আদায় নেতিবাচক। গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে আট হাজার কোটি টাকা কম।