রাজনৈতিক পরিচ্ছন্নতা না এলে গুম-খুন বন্ধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হাতে খুন হওয়া প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দেশে যত দিন রাজনৈতিক পরিচ্ছন্নতা না আসবে, তত দিন খুনখারাবি, গুম, হত্যা ইত্যাদি বন্ধ হবে না।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাঁটাবনে ফয়সল হত্যার বিচার এবং প্রকাশক আহমেদুর রশীদ ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক সভায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এসব কথা বলেন। কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স প্রকাশকেরা এই প্রতিবাদ সভার আয়োজন করেন।

অধ্যাপক আবুল কাসেম সভায় ফয়সলের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, দীপন উদয়ন স্কুলে পড়ার সময় অভিজিৎ (নিহত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়) তার ওপরের ক্লাসে ছিল। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দুজনই ঢাকা কলেজে পড়েছে। দীপন খুব মিশুক ছিল। তার কোনো শত্রু ছিল না। তিনি বলেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়ারাও সাংবাদিকতা করতেন। ওই সময়ও তাঁরা অনেক স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন। কিন্তু এখন সেই অবস্থা নেই। দীপন ভালো ভালো বই বের করত ঠিকই, কিন্তু ব্যবসায়িকভাবে অতটা সফল হতে পারেনি। তিনি বলেন, ‘দীপনের জানাজায় এত লোক দেখে বুঝতে পারলাম, তাকে কত লোক ভালোবাসে।’

সভায় অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মোস্তফা জব্বার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জাসদের মানববন্ধন: ফয়সল হত্যাসহ প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর জাসদ মানববন্ধন করে। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, রাজনীতিক, মুক্তবুদ্ধি চর্চার লেখক, ব্লগার, সাংস্কৃতিক কর্মী, পুলিশ হত্যা করে মৌলবাদী গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।

মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক প্রমুখ।