রাজনৈতিক পরিস্থিতি নিয়েই উষ্মা যুক্তরাজ্যপ্রবাসীদের
রাজনৈতিক অস্থিতিশীলতাকে বাংলাদেশের বড় সমস্যা বলে মনে করেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা। গত মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) সম্মেলনে বক্তারা বেসরকারি খাতের উন্নয়ন ও সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করলেও রাজনীতি নিয়ে উষ্মা প্রকাশ করেন।
‘বাংলাদেশের বিনিয়োগ, রেমিট্যান্স ও অর্থনৈতিক ব্র্যান্ডিং’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিজ। পূর্ব লন্ডনের হলিডে ইন হোটেলে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিবাচক দিকগুলো প্রবাসীদের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করতে বেশ কয়েক বছর ধরেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্মেলনে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী বলেন, বাংলাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে অনেক ভালো কাজ হচ্ছে। ব্যক্তি উদ্যোগে মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করছে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এসব কিছুকে ছাপিয়ে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করে। সংঘাতময় রাজনীতি বাংলাদেশের একমাত্র সমস্যা।
তিনি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পরামর্শ দেন।
ব্রিটিশ আইনজীবী আখলাক চৌধুরী বলেন, সমন্বিত উন্নয়নের জন্য স্থিতিশীল রাজনীতি ও রাজনৈতিক নেতাদের সততা জরুরি।
সম্মেলনে বাংলাদেশ সরকারের নানা ইতিবাচক উদ্যোগ ও বিনিয়োগ সুযোগসুবিধা তুলে ধরে সংগঠনের চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী বলেন, বর্তমানে প্রায় এক কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। বর্তমানে বাংলাদেশের ২৪ বিলিয়ন ডলারের যে রিজার্ভ রয়েছে, তার ৬৬ শতাংশই প্রবাসীদের অবদান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মাসুদ বিশ্বাস, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক প্রমুখ।
এবার ১০টি দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১০ মে নিউইয়র্কে। লন্ডনে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো।