রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দলের নেতাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকের পর গতকাল শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। আওয়ামী লীগের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হয়। জাতীয় পার্টি ও এইচ এম এরশাদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। ১৪ দলের শরিক দলগুলোকে কয়টি আসন দেওয়া যায়, সে বিষয়ে কথা হয়।
তা ছাড়া জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা প্রসঙ্গেও নেতারা আলোচনা করেন। বৈঠকে নির্ধারিত তফসিলেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মতৈক্য পোষণ করা হয়।
বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের প্রমুখ।