চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। এর মধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র ‘সংকুচিত’ হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ব্রিফিংয়ে এই উদ্বেগ তুলে ধরেন ঢাকায় ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। ওই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীও সহিংস রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যুক্তরাজ্য হাইকমিশন ও ইইউ দূতাবাস। পৃথক বিবৃতিতে তারা এই হামলায় জড়িত ব্যক্তিদের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে সরকারকে অনুরোধ জানিয়েছে।
ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ব্রিফিং: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত আলোচনার অংশ হিসেবে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউরোপের কূটনীতিকদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা সকালে প্রথম আলোকে জানান, দুপুরের ব্রিফিং পূর্বনির্ধারিত। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে ও বুঝতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ঢাকায় ইইউ দূতাবাস গত সপ্তাহে মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল। ওই অনুরোধে সাড়া দিয়ে গতকাল বিফ্রিংয়ের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আমেরিকা অঞ্চলের দেশগুলোর জন্যও এ ধরনের ব্রিফিং হবে।
ব্রিফিংয়ে ঢাকায় কর্মরত ইইউর রাষ্ট্রদূত ছাড়াও জোটের সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কের শীর্ষ কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন জোটের বাইরের রাশিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত।
সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে অংশ নেওয়া একাধিক কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুনির্দিষ্টভাবে অন্তত চারটি বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।
ব্রিফিং নিয়ে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইইউ পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে।
ব্রিফিংয়ে ইইউর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে চায় ইউরোপের দেশগুলো। এ জন্য সহায়ক পরিবেশ, অর্থাৎ শান্তি ও স্থিতিশীলতা থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশের সন্ত্রাসবাদবিরোধী ভূমিকার প্রশংসা করে এ প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখার আগ্রহ দেখিয়েছে ইইউ।
চলমান সহিংসতা আর জনজীবন ব্যাহত হওয়ার মাধ্যমে বেশ কয়েকজনের প্রাণহানি, কয়েক শ লোকের আহত হওয়া আর সম্পদ ধ্বংসের নিন্দা জানায় ইইউ। এর মধ্যে ১৩ জানুয়ারি রিয়াজ রহমানের ওপর নিন্দনীয় হামলা এবং ১৪ জানুয়ারি (মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে) রংপুরে বাস আরোহীদের ওপর নৃশংস হামলা উল্লেখযোগ্য।
ইইউ রাষ্ট্রদূত রাজনৈতিক ক্ষেত্র ‘সংকুচিত’ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি সহিংসতা রোধের তাগিদ দেন। তবে তাঁর মতে, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পদক্ষেপগুলো মানুষের সমাবেশ, চলাচল ও বক্তব্যের অধিকার হরণের বিনিময়ে হওয়া উচিত নয়। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার পথ খুঁজে নিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থেকে সত্যিকার সংলাপে বসতে আবার উৎসাহিত করছে ইইউ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইইউর পক্ষ থেকে সহিংসতা বন্ধ করার প্রসঙ্গটি আনা হলে গত বছরের ১৬ জানুয়ারি ও ১৮ সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্টের গৃহীত প্রস্তাবের প্রসঙ্গ টানেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। ওই দুই প্রস্তাবে সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আর সহিংস তৎপরতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের মতো সংগঠনের সঙ্গে বিএনপিকে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিল ইউরোপীয় পার্লামেন্ট।
মাহমুদ আলী বলেন, সবগুলো রাজনৈতিক দল সহিংসতা ও সন্ত্রাসের পথ ছেড়ে দায়িত্বশীলভাবে গণতান্ত্রিক চর্চা করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কূটনীতিকদের ব্রিফ করার সময় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিজেপির সভাপতি অমিত শাহ্র ফোনালাপ এবং ছয় মার্কিন কংগ্রেস সদস্যের বিবৃতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষে দুটি বিষয়ই মিথ্যা প্রমাণিত হয়েছে। এতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, বিএনপি-জামায়াত ‘গোয়েবলসীয় ভণ্ডামি’র চেষ্টায় মিথ্যার আশ্রয় নিয়েছে।
রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ জানান। তিনি কূটনীতিকদের জানান, সরকার বিষয়টির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে। ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্বেগ ও নিন্দা: রিয়াজ রহমানের ওপর গুলির ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর উদ্বেগ জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রসচিব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতাকে নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে ওই ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া সব পক্ষকে সহিংসতা ছেড়ে আসার, সংযত আচরণ করার এবং সহিংসতা ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। স্বাধীন ও শান্তিপূর্ণভাবে জনগণের রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
ঢাকায় মার্কিন দূতাবাস পৃথক বিবৃতিতে দেশজুড়ে সহিংসতার নিন্দা জানিয়েছে।
যুক্তরাজ্যের উদ্বেগ: ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল এক বিবৃতিতে রিয়াজ রহমানের ওপর গুলির ঘটনায় গভীর নিন্দা জানান। এ ছাড়া তিনি রংপুরে বাসে হামলায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে রবার্ট গিবসন বলেন, ‘আমি সরকারের কাছে এসব অপরাধের যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য সব পক্ষকে সংযত থাকা, পরিমিতিবোধের চর্চা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সহিংসতা ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টির এই পুনরাবৃত্তি থেকে নিষ্কৃতি পেতে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি।’