রাজনৈতিক পোস্টারে ঢাকা পড়েছে ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোস্টারের ভিড়ে ভাস্কর্যটির অস্তিত্ব নেই বললেই চলে। রাজশাহী নগরের লক্ষ্মীপুর মোড়ের ভাস্কর্যটি ছেয়ে গেছে রাজনৈতিক পোস্টারে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পোস্টারের ভিড়ে ভাস্কর্যটির অস্তিত্ব নেই বললেই চলে। রাজশাহী নগরের লক্ষ্মীপুর মোড়ের ভাস্কর্যটি ছেয়ে গেছে রাজনৈতিক পোস্টারে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন উপলক্ষে পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে নগরের দর্শনীয় স্থানগুলো। ঢাকা পড়েছে বিভিন্ন মোড়ের ভাস্কর্য। এক যুগ পর আগামী ৫ মার্চ এই সম্মেলন হতে যাচ্ছে।
মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ১২ বছর আগে। সেই সম্মেলনে রমজান আলী সভাপতি ও মোশাররফ হোসেন ওরফে বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
‘নেতৃত্বে পুনরায় রমজান-বাচ্চু ভাইকে দেখতে চাই’ দাবি-সংবলিত পোস্টারে ঢাকা পড়েছে লক্ষ্মীপুর মোড়ের মিন্টু চত্বরের ভাস্কর্য। এটি চারদিক দিয়ে পোস্টারে ঢেকে দেওয়া হয়েছে। ওপরের অংশটুকুতেও আলাদা করে পোস্টার লাগানো হয়েছে। খুব সরু ও বাঁকা হয়ে উঠে যাওয়ার কারণে ওপরের সামান্য একটু জায়গা ফাঁকা রয়েছে। পোস্টারের নিচে সুমন চৌধুরীর নাম লেখা। এখানে দুই ধরনের পোস্টার আছে। একধরনের পোস্টারে লেখা ‘সম্মেলন সফল হোক, সার্থক হোক’। অন্যগুলোতে পুনরায় রমজান-বাচ্চুর নেতৃত্ব কামনা করা হয়েছে।
একইভাবে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরের ভাস্কর্যটির গোড়ার অংশও ঢেকে ফেলা হয়েছে। এখানে কোনো একক ব্যক্তির পোস্টার লাগানো হয়নি। বিভিন্ন নেতা-কর্মীর পোস্টারে এই ভাস্কর্যের একটা অংশ ঢাকা পড়েছে।
পুনরায় রমজান-বাচ্চুর নেতৃত্ব চেয়ে সুমন চৌধুরী ছাড়াও পোস্টার সেঁটেছেন মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান খান, শাহাদত হোসেন, আশরাফ হোসেন বাবুসহ আরও অনেকেই। তবে পোস্টারগুলোতে সবচেয়ে বেশিসংখ্যক ছবি ব্যবহার করেছেন মনিরুজ্জামান। তিনি তাঁর পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ১৩ জনের ছবি ব্যবহার করেছেন।
বর্তমান নেতৃত্বের পরিবর্তন চেয়েও পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টার লাগিয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি কাইছার রহমান। তিনি তাঁর পোস্টারে লিখেছেন, ‘সংগঠনকে আরও গতিশীল করার স্বার্থে এক যুগ ধরে চলা নেতৃত্বের পরিবর্তন চাই।’
বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়ে পোস্টার সেঁটেছেন। এ ছাড়া বেশিসংখ্যক পোস্টার, ব্যানার ও বিলবোর্ড টানানো হয়েছে মহানগর যুবলীগের পক্ষ থেকে।
এক যুগ পর সম্মেলন হচ্ছে। পুনরায় নেতৃত্বে আসতে চাইছেন কেন, প্রশ্নে রমজান আলী বলেন, অনেক মহানগরে রাজশাহীর চেয়েও পুরোনো কমিটি রয়েছে। যেমন খুলনায় ১৭ বছর হয়েছে সম্মেলন হয়নি। রাজশাহীতে কোনো ঝামেলা নেই। সাংগঠনিক কার্যক্রম ভালোভাবে চলছে। এ জন্য কেন্দ্র থেকে এত দিন সম্মেলনের জন্য বলা হয়নি।
রমজান আলী আরও জানান, তিনি ও সাধারণ সম্পাদক দুজনই প্রার্থী হবেন। এটা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ-পরামর্শের মাধ্যমেই হবে। তরুণ নেতারাও চেষ্টা করবেন। ভাস্কর্যে পোস্টার লাগানোর ব্যাপারে তিনি বলেন, তিনি নিজের থেকে এসব পোস্টার লাগাননি। তাঁর ভক্ত-অনুসারীরা লাগিয়েছেন।