রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় সিরু বাঙালি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ট্রাইব্যুনালে দাবি করেছেন, রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী ‘রাজনৈতিক প্রতিপক্ষের’ প্ররোচনায় মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তবে তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালি বলেছেন, আসামিপক্ষের এই বক্তব্য সঠিক নয়।সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সিরু বাঙালিকে গতকাল মঙ্গলবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচারকাজ চলছে।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে জেরায় আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক বলেন, একটি মহল আশ্বাস দিয়েছে যে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলে সাক্ষীকে মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করে সিরু বাঙালি বলেন, এটা সত্য নয়।আহসানুল হক মত (সাজেশন) দেন, সাকা চৌধুরীর প্রতিপক্ষ অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাঁকে সংসদ থেকে দূরে রাখতে এই মিথ্যা মামলা এনেছেন এবং সাক্ষীকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়াচ্ছেন। এই মতেরও বিরোধিতা করেন সাক্ষী। আইনজীবী বলেন, ক্যাপ্টেন করিম ও বিভূতির নামে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আদালতে যে জবানবন্দি সাক্ষী দিয়েছেন, তা অসত্য এবং তদন্ত কর্মকর্তার শিখিয়ে দেওয়া। সাক্ষী এরও বিরোধিতা করেন।সিরু বাঙালি গত ২৪ ও ২৭ মে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, ক্যাপ্টেন করিম ও বিভূতির কাছ থেকে তিনি নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের সঙ্গে সাকা চৌধুরীর জড়িত থাকার বিষয়টি জেনেছেন।প্রায় দেড় ঘণ্টা জেরার শেষ দিকে আহসানুল হক জানতে চান, সাক্ষী ও সালাউদ্দিন কাদের দুটি ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন কি না? জবাবে সাক্ষী ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। এ সময় সাক্ষী বলেন, একাত্তরে তিনি বাঙালি জাতীয়তাবাদে আর সাকা চৌধুরী পাকিস্তানি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন।পরে এই মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী গৌরাঙ্গ সিংহকে জেরার জন্য ১৮ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তিনি ৪ জুন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকালও জেরা করে আসামিপক্ষ। আজ বুধবার তাঁকে আবার জেরা করা হবে।