>
- ২২ তম অধিবেশন আজ শুরু
- চলতি সংসদের শেষ অধিবেশন হওয়ার কথা
- বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাসের সম্ভাবনা
- তালিকায় ২১টি বিল, আরও কয়েকটি যুক্ত হবে
- অগ্রাধিকার সড়ক পরিবহন বিল, আরপিও সংশোধন
- আরও আছে ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম আইন
- শেষ অধিবেশন বেশি লম্বা হোক তা সাংসদেরা চান না
এবার নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো বিস্তর মতের ফারাক। তবে বিরোধীদের নির্বাচনে আনা বা আলোচনার কোনো বিষয় নেই সংসদে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাসের সম্ভাবনা রয়েছে শেষ অধিবেশনে।
এই অধিবেশনে বহুল আলোচিত সড়ক পরিবহন বিল, ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০টির বেশি আইন নিয়ে আলোচনা হতে পারে এবং বেশ কিছু আইন পাসের সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশন ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব করায় বিতর্কিত এই বিষয়টিও উঠতে পারে সংসদের এই অধিবেশনে। সরকারি কর্মচারী আইন, শ্রম (সংশোধন) আইনের মতো আরও কিছু বিল উঠতে পারে। তবে শিক্ষা আইনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ আইন ও উদ্যোগ আটকে গেছে। সরকারের বাকি মেয়াদে বিষয়গুলো চূড়ান্ত করে বাস্তবায়ন হয় কি না, তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, দশম সংসদের শেষ অধিবেশন বেশি লম্বা হোক তা সাংসদেরা চান না। কারণ নির্বাচনের প্রস্তুতি নিতে তাঁরা নিজ নিজ নির্বাচনী এলাকায় চলে যেতে চান। তবে গুরুত্বপূর্ণ আইন পাসের জন্য মধ্য অক্টোবর পর্যন্ত অধিবেশন চলতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। এ সময় অধিবেশন মুলতবি রাখা হতে পারে। মধ্য অক্টোবর নির্বাচনকালীন সরকার গঠনের আগে আগে অধিবেশন শেষ করা হবে।
নবম জাতীয় সংসদে অনেক আগে থেকেই সংসদ বর্জন করেছিল প্রধান বিরোধী দল বিএনপি। তখন সমঝোতার সম্ভাবনা নিয়ে সবার আগ্রহ ছিল সংসদের দিকে। তবে শেষ অধিবেশন দুই দফা বৃদ্ধি করা হলেও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।
এবার আওয়ামী লীগের নেতারা বলে আসছেন সংসদে বিএনপির প্রতিনিধিত্ব নেই বলে এবার আর নির্বাচনকালীন সরকারে তাদের প্রতিনিধি থাকছে না। সমঝোতা বা আলোচনার সুযোগও নেই।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রমতে, আসন্ন অধিবেশন সামনে রেখে তারা বিভিন্ন প্রস্তাবিত বিলের একটি হালনাগাদ তালিকা করেছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাছে যাওয়া ২১টি বিল অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তবে অধিবেশন চলাকালীন তালিকাটি আরও লম্বা হবে।
উত্থাপনের অপেক্ষায় থাকা সড়ক পরিবহন বিলসহ আরও কয়েকটি বিল অগ্রাধিকার তালিকায় রয়েছে। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আইনটি দ্রুত হতে যাচ্ছে।
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বিলের বিষয়েও এই অধিবেশনে প্রতিবেদন দিতে পারে সংসদীয় স্থায়ী কমিটি। এই আইনে আইসিটি আইনের বিতর্কিত ৫৭ ধারাকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এমনকি গুপ্তচরভিত্তিসহ আরও কয়েকটি ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। সাংবাদিকসহ বিভিন্ন মহল প্রস্তাবিত আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছে।
গত ২০ আগস্ট মন্ত্রিসভায় দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি কর্মচারী আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই আইনটিও পাসের সম্ভাবনা রয়েছে।
শ্রমিকদের অধিকার বাড়িয়ে শ্রম আইনের খসড়া ৩ সেপ্টেম্বর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মূলত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চাপ ও চাহিদার পরিপ্রেক্ষিতে আইনটি সংশোধন করা হয়। যৌতুক নিরোধ বিলটিও পাস হতে পারে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই সংসদে পাসের উদ্দেশ্যে আলোচনা হতে পারে এমন আরও আইনের মধ্যে রয়েছে, শিশু (সংশোধন) বিল, মানসিক স্বাস্থ্য বিল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সংশোধন বিল, বস্ত্র বিল, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, বাংলাদেশ কৃষি বিপণন বিল, জাতীয় ক্রীড়া পরিষদ বিল ইত্যাদি।
এর বাইরে ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা আইন-বিল, কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি-সংক্রান্ত ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিলের খসড়াও উঠতে পারে এই অধিবেশনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও উঠতে পারে এই অধিবেশনে।
জাতীয় শিক্ষানীতি হয় ২০১০ সালে। এই নীতি বাস্তবায়নের জন্য শিক্ষা আইন জরুরি। গত সাড়ে সাত বছরে কেবল খসড়া কাটা-ছেঁড়াই হয়েছে, চূড়ান্ত হয়নি। কোচিং ও প্রাইভেট ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আইনটি ঠেকাতে তৎপরতা শুরুর পর আইনটি আটকে গেছে।
২০১৪ সালের ৬ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশিত হয়। ওই নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন করার কথা ছিল। কিন্তু আইন না হওয়ায় কমিশনও হয়নি।
সংসদবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তি তা দিন দিন বেড়েছে। এই সংসদ অধিবেশনের মাধ্যমে এই বিভক্তি কমা বা সমঝোতার কোনো আশা নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য ‘দুর্বলকে’ ছাড় দেওয়ার পরামর্শ দিয়ে এই অধ্যাপক বলেন, এতে সরকারের কোনো অসুবিধা হবে না। বরং সরকারেরই লাভ হবে।