রাজনৈতিক প্রভাবে অবৈধ বিলবোর্ড অপসারণ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রভাবশালীদের কারণে রেলওয়ের জায়গা থেকে অবৈধ বিলবোর্ড অপসারণ করা যাচ্ছে না বলে রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে রেল মন্ত্রণালয় এ তথ্য জানায়।
সংসদ ভবনে সংসদীয় কমিটির এ বৈঠক হয়। বৈঠকে দেশের সব রেলস্টেশনে সিসিটিভি বসানোর এবং রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের সুপারিশ করা হয়।
সূত্র জানায়, বৈঠকে রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত ও অবৈধ বিলবোর্ড অপসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয় থেকে লিখিতভাবে জানানো হয়, অবৈধ বিলবোর্ডের মালিকেরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় রেলের জায়গা থেকে তা অপসারণে বিলম্ব হচ্ছে। বিলবোর্ড অপসারণে আধুনিক যন্ত্রপাতির অভাবের কারণেও অনেক ক্ষেত্রে তা অপসারণ করা যাচ্ছে না।
মন্ত্রণালয় আরও জানায়, সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে রেলওয়ের পূর্বাঞ্চলে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ছয়টি এবং চট্টগ্রামের লালখান বাজারের ইস্পাহানি বিল্ডিং মোড় থেকে তিনটি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ২৭টি জেলায় শতাধিক অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। খুলনায় মালিকানা-সংক্রান্ত জটিলতার কারণে দুটি বিলবোর্ড অপসারণে বিলম্ব হচ্ছে। বগুড়ায় ঘনবসতির কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনটি বিলবোর্ড অপসারণ করা যাচ্ছে না।
বৈঠকে সংসদীয় কমিটি টিকিটের কালোবাজারি রোধ ও যাত্রী হয়রানি বন্ধে দেশের সব রেলস্টেশনে সিসিটিভি বসানোর সুপারিশ করে। পাশাপাশি রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের সুপারিশও করা হয়।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সদস্য ফাতেমা জোহরা রানী প্রথম আলোকে বলেন, রেলস্টেশনের অপরাধ নিয়ন্ত্রণে এবং যাত্রীসেবার মান বাড়াতে সব স্টেশনে সিসিটিভি বসানোর সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক প্রভাবশালীদের কারণে বিলবোর্ড অপসারণে বিলম্ব হওয়ার বিষয়ে কমিটি কোনো সুপারিশ করেনি।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত উচ্ছেদের মাধ্যমে ১৯১ দশমিক ৩ একর রেলভূমি উদ্ধার করা হয়েছে। যদিও সারা দেশে ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর রেলভূমি অবৈধ দখলদারদের কাছে রয়েছে। এর মধ্যে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কাছে ৯২২ দশমিক ৩৪ একর, ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৩ হাজার ৩৭৮ দশমিক ২২ একর জমি দখলে রয়েছে। এ ছাড়া রেলওয়ে সারা দেশে ১৩ হাজার ২৩ দশমিক ২৪ একর জমি একসনা লিজ দিয়েছে।