রাজনৈতিক প্রভাবে অবৈধ বিলবোর্ড অপসারণ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রভাবশালীদের কারণে রেলওয়ের জায়গা থেকে অবৈধ বিলবোর্ড অপসারণ করা যাচ্ছে না। আজ মঙ্গলবার রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

সংসদ ভবনে রেল মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত ও অবৈধ বিলবোর্ড অপসারণ নিয়ে আলোচনা হয়। এতে মন্ত্রণালয় থেকে লিখিতভাবে জানানো হয়, বিলবোর্ডের মালিকেরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় রেলের জায়গা থেকে তা অপসারণে বিলম্ব হচ্ছে। বিলবোর্ড অপসারণে আধুনিক যন্ত্রপাতির অভাবের কারণেও অনেক ক্ষেত্রে তা অপসারণ করা যাচ্ছে না।
মন্ত্রণালয় আরও জানায়, কমিটির সুপারিশের ভিত্তিতে রেলওয়ের পূর্বাঞ্চলে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ছয়টি এবং চট্টগ্রামের লালখান বাজারের ইস্পাহানি বিল্ডিং মোড় থেকে তিনটি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ২৭টি জেলায় শতাধিক অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। খুলনাতে মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে দুটি বিলবোর্ড অপসারণে বিলম্ব হচ্ছে। বগুড়াতে ঘনবসতির কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনটি বিলবোর্ড অপসারণ করা যাচ্ছে না।
আলোচনা শেষে সংসদীয় কমিটি টিকিটের কালোবাজারীরোধসহ যাত্রী হয়রানি বন্ধে দেশের সব রেল স্টেশনে সিসিটিভি বসানো এবং রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের সুপারিশ করেছে।
বৈঠক শেষে কমিটির সদস্য ফাতেমা জোহরা রানি প্রথম আলোকে বলেন, রেলস্টেশনের অপরাধ নিয়ন্ত্রণে এবং যাত্রীসেবার মান বাড়াতে সব স্টেশনে সিসিটিভি বসানোর সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক প্রভাবশালীদের কারণে বিলবোর্ড অপসারণে বিলম্ব হওয়ার বিষয়ে কমিটি কোনো সুপারিশ করেনি।
বৈঠকের কার্যপত্রে থেকে জানা গেছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত উচ্ছেদের মাধ্যমে ১৯১ দশমিক তিন একর রেলভুমি উদ্ধার করা হয়েছে। যদিও সারা দেশে চার হাজার ৩৯১ দশমিক ৩৯ একর রেলভুমি অবৈধ দখলদারদের কাছে রয়েছে। এর মধ্যে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কাছে ৯২২ দশমিক ৩৪ একর, ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তিন হাজার ৩৭৮ দশমিক ২২ একর এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের দখলে রয়েছে ৯০ দশমিক ৮৩ একর জমি। এ ছাড়া রেলওয়ে সারা দেশে ১৩ হাজার ২৩ দশমিক ২৪ একর জমি একসনা লিজ দিয়েছে।
কমিটির আগের বৈঠকে রেলওয়ের এক হাজার ৪৪১ জন খালাসি পদে নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হয়। কমিটি রেলের মহাপরিচালকের নেতৃত্বে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে।
কমিটি সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী মুজিবুল হক, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রানী অংশ নেন।