রাজনৈতিক প্রভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার অধিকাংশ বেসরকারি বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ ভারপ্রাপ্ত প্রধান দিয়ে পরিচালিত হচ্ছে। ব্যবস্থাপনা কমিটিতে থাকা স্থানীয় রাজনীতিকেরা যোগ্যতা বিবেচনা না করে নিজেদের পছন্দমতো সহকারী শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব দিচ্ছেন। আর প্রতিষ্ঠানপ্রধানের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত ব্যবস্থাপনা কমিটি নিয়োগ কার্যক্রম বন্ধ রাখে। আবার অনেক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে চলছে রাজনৈতিক দ্বন্দ্ব।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় এমপিওভুক্ত ৫৪টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৪টিতে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এমপিওভুক্ত ১৩টি দাখিল মাদ্রাসার মধ্যে ১০টি চলছে ভারপ্রাপ্ত প্রধান দিয়ে। এর ফলে অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। ব্যাহত হচ্ছে পাঠদান ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।স্থানীয় সূত্রে জানা যায়, অদক্ষ প্রতিষ্ঠানপ্রধানের কারণে অধিকাংশ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সভাপতি মনোনয়ন নিয়ে চলছে তুলকালাম কাণ্ড। গত ছয় মাসে উপজেলার প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বের কারণে বিলমাড়িয়া কলেজ, গোপালপুর ডিগ্রি কলেজ, রাকসা উচ্চবিদ্যালয়, শালেশ্বর উচ্চবিদ্যালয়, দুয়ারিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বিলমাড়িয়া উচ্চবিদ্যালয়, এম আর উচ্চবিদ্যালয়, পাইকপাড়া উচ্চবিদ্যালয় ও রায়পুর জাফরিয়া দাখিল মাদ্রাসায় তালা মেরে বন্ধ রাখার ঘটনা ঘটেছে। বিলমাড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়, বিলমাড়িয়া উচ্চবিদ্যালয়, এম আর উচ্চবিদ্যালয়, শালেশ্বর উচ্চবিদ্যালয়, মহেশ্বর উচ্চবিদ্যালয়, দুয়ারিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া উচ্চবিদ্যালয়, রাকসা উচ্চবিদ্যালয়, রুইগাড়ী উচ্চবিদ্যালয়, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় ও চকনাজিরপুর উচ্চবিদ্যালয় নিয়ে স্থানীয় ও রাজনৈতিক প্রভাবের ফলে পক্ষ-প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা চলছে।উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীন বিভাগীয় উপপরিচালকের কার্যালয় বিপাকে পড়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ জাতীয় পার্টির আবু তালহা এবং একই এলাকায় দায়িত্বে থাকা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শেফালী মমতাজ আলাদা আলাদা ডিও লেটার দিচ্ছেন। ফলে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে চলছে রাজনৈতিক দ্বন্দ্ব।উপজেলা মাধ্যমিক কর্মকর্তা দুলাল আলম জানান, ‘বেসরকারি বিদ্যালয় ও কলেজের কমিটি নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। আমরা সমাধানের চেষ্টা করছি। স্থানীয়ভাবে সমাধান না হলে মামলা করছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের প্রভাব প্রতিষ্ঠানগুলোর ওপর পড়ছে। স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। অনেক সমস্যা বোর্ড ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।