রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে ত্বকীর হত্যাকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি করে ত্বকীকে বাংলাদেশের ‘বিচারহীনতার অপসংস্কৃতির প্রতীক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, মুষ্টিমেয় কিছু লোক ছাড়া এমন কেউ নেই, যাঁরা এই হত্যার বিচার দাবি করেন না। কিন্তু ত্বকীর হত্যাকারীদের রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার ত্বকীর ২১তম জন্মদিন উপলক্ষে ‘জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০১৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র ত্বকী নিখোঁজ হয়। ওই রাতেই সন্ত্রাসীরা তাকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ত্বকীর পরিবার অভিযোগ করে আসছে, এ হত্যায় নারায়ণগঞ্জের বহুল আলোচিত-সমালোচিত ওসমান পরিবার জড়িত।
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘গত সাড়ে তিন বছরে ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা অনেক প্রতিবাদ সমাবেশ, সভা-সেমিনার করেছি। প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল আমরা দেখছি না।’ তিনি বলেন, যত দিন এই বিচার না হবে, তত দিন রাষ্ট্র একটা অপরাধের বোঝা কাঁধে বয়ে নিয়ে চলবে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ত্বকীর অপরাধ হলো সে সৃষ্টিশীল ছিল। প্রতিবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। আমাদের রাষ্ট্র এ ধরনের সৃষ্টিশীলতাকে অপরাধ মনে করে। তিনি বলেন, এই রাষ্ট্রব্যবস্থা ক্রমাগত ফ্যাসিবাদী চরিত্রে রূপ নিচ্ছে। এটা না বদলালে সমাজ বদলাবে না। সমাজ না বদলালে ত্বকীরা নিরাপদে থাকবে না।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘আমরা বারবার বলেছি ত্বকী হত্যার দ্রুত বিচারের জন্য। কিন্তু এর বিপরীতে সরকারের একটা দৃঢ় অবস্থান আছে, যেন এই বিচার না হয়।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, এবার জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় মোট ১ হাজার ৩০০ প্রতিযোগী অংশ নিয়েছে। তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে, এর মধ্য দিয়ে হত্যা-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রতিযোগীদের দৃষ্টিভঙ্গির একটা ঐক্য তৈরি হয়েছে। সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যে বাংলাদেশ গড়ে তুলতে চায়, তার একটা চিত্র আমরা তাদের কাজের মধ্যে দেখতে পেয়েছি।’
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত অন্যদের দেওয়া হয় বিশেষ ক্রেস্ট ও সনদ। এ ছাড়া প্রতি বিভাগের সেরা ১০ প্রতিযোগীর ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হয় ‘ত্বকী’ নামের একটি স্মারকগ্রন্থ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, গবেষক সফিউদ্দিন আহমেদ ও ত্বকীর মা রওনক রেহানা।