রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ২৭৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটি। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে মোট চার হাজার ১৪৩টি মামলা প্রত্যাহার করা হলো। গতকালের সভায় খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের একটি মামলাসহ দণ্ডবিধি ও অন্যান্য অপরাধের ৫৬৮টি মামলা পর্যালোচনা করা হয়। এগুলোর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলা ও দণ্ডবিধির আওতায় দায়ের করা ৫৬২টি মামলা রয়েছে। পর্যালোচনার পর দণ্ডবিধির ২৭০টি এবং দুদকের চারটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। সভায় ৯৪টি মামলা প্রত্যাহারের আবেদন নাকচ করা হয়। জানা যায়, কমিটির পরবর্তী সভায় ২০০ মামলা উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হওয়ায় আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের আবেদন গ্রহণ করেনি কমিটি। সূত্র জানায়, গতকাল সর্বশেষ অনুষ্ঠিত সভাসহ ১৩ মাসে মোট ১৫টি সভা করেছে ওই কমিটি। কমিটির কাছে মোট আট হাজার ২৬টি আবেদন পর্যালোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়েছে। এর মধ্যে দণ্ডবিধি এবং অন্যান্য ধারার অপরাধের তিন হাজার ৯১০টি এবং দুদকের দায়ের করা ২৩৩টি মামলা প্রত্যাহারের জন্য কমিটি সুপারিশ করেছে। প্রসঙ্গত, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের সুপারিশ করা যেকোনো মামলা প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতের কাছে আবেদন করতে পারেন। তবে সিআর বা ব্যক্তির দায়ের করা কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই। অপরদিকে ১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা একমাত্র কমিশনই প্রত্যাহার করতে পারে। এ ক্ষেত্রে অন্য কোনো সংস্থার এখতিয়ার নেই। এ কারণে বিএনপি-জামায়াত জোট এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা দুদকের মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকে পাঠানো হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারি মাসে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে ওই কমিটিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও সরকারের আইন কর্মকর্তারা রয়েছেন।