রাজনৈতিক বিবেচনায় ট্রানজিট দিলে বিএনপি বিরোধিতা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে সরকার অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক বিবেচনা না করে শুধু রাজনৈতিক দিকে বিবেচনা করলে বিএনপিও রাজনৈতিকভাবেই এর বিরোধিতা করবে। রাজনৈতিক বিবেচনায় ভারতকে ট্রানজিট দেওয়া হলে বাংলাদেশের জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না।গতকাল শনিবার এক গোলটেবিল আলোচনায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়িতে ব্র্যাক মিলনায়তনে ‘ট্রানজিট-ট্রানশিপমেন্ট, বন্দর ও অবকাঠামো’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে ফোরাম ফর পিপলস ভয়েজ (এফপিভি)। গোলটেবিল বৈঠকে ট্রানজিট-ট্রানশিপমেন্ট এবং বন্দর ও অবকাঠামো বিষয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মইনুল ইসলাম, বিআইডিএস ঢাকার জ্যেষ্ঠ রিসার্চ ফেলো মুহাম্মদ ইউনুস ও চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এ তসলিম, পরিবহন বিশেষজ্ঞ এম রহমত উল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন এফপিভির সভাপতি মনজুর-উল-আমিন চৌধুরী। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ট্রানজিটের বিষয়টি আমাদের দেশের জন্য স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার বিষয়। তাই রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ ভারতকে ট্রানজিট দিতে চাইলে জনগণ তা মানবে না।’সুলতান মাহমুদ বলেন, ‘সড়কব্যবস্থার চাইতেও আমাদের বেশি গুরুত্ব দিতে হবে রেলওয়ের ওপর। কিন্তু এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।’ খালেকুজ্জামান বলেন, ‘আমাদের পরিবেশ, ভৌগোলিক অবস্থান, রাজনীতি ও মানুষের কথা না ভেবে শুধু ট্রানজিট-ট্রানশিপমেন্টের কথা বলে দেশের কোনো উন্নয়ন হবে না।’ অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেন, ‘সড়কপথে ট্রানজিট গ্রহণযোগ্যতার কথা ভাবাই যায় না। কারণ, আমাদের সে রকম অবকাঠামো গড়ে ওঠেনি।’