রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের আবেদন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকা আয়কর ফাঁকির মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করবে রাষ্ট্রপক্ষ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ আবেদন করা হবে।
বিষয়টির সত্যতা স্বীকার করে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে ২০০৯ সালের ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে।
কিন্তু আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ থাকায় এত দিন প্রত্যাহারের আবেদন করা হয়নি। সম্প্রতি স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কাল ( আজ বৃহস্পতিবার) মামলাটির শুনানির ধার্য দিন রয়েছে। আসামিপক্ষ স্থগিতাদেশ প্রত্যাহারের কাগজপত্র উপস্থাপন করলে আমরা প্রত্যাহারের আবেদন করব।’
জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করতে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ওই সময় মামলা দায়ের হয়েছিল। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ধার্য দিনে আমরা সেই আদেশ উপস্থাপন করব আদালতে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছি, আশা করি আমরা ন্যায়বিচার পাব।’
আদালত সূত্রে জানা গেছে, মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকা আয়কর ফাঁকির অভিযোগে ২০০৮ সালের ৭ জুলাই আদালতে মামলা দায়ের করেছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-২-এর তৎকালীন অতিরিক্ত কর কমিশনার জিয়াউল হক। ১৯৮৪ সালের আয়কর বিধিমালার ধারা ১৬৫ ও ১৬৬ এবং তৎসহ জরুরি বিধিমালা ২০০৭-এর ১৫ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয় মামলায়। পরে এ মামলায় বাদীসহ সাতজন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করেন আদালত। এ মামলায় মহিউদ্দিন চৌধুরীকে ২০০৮ সালের ১৫ জুলাই গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ১৪ আগস্ট জামিন পান তিনি।