রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রায় পাঁচ মাস আগে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ভোলায় একটি হত্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া মাগুরায় একটি ও ভোলায় একটি হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আর রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক ওরফে ভোলা মাস্টার।
গত বছরের ২২ আগস্ট এ-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
ভোলা: জমি নিয়ে বিরোধে ২০০৮ সালের ২৪ নভেম্বর চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউপির সদস্য জয়নাল আবেদীন খুন হন। তাঁর স্ত্রী কাজল রেখা অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত করে চর মাদ্রাজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেনসহ ১৬ জনকে আসামি করে। গত বছরের ডিসেম্বরে মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২১ আগস্ট লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা গ্রামের নবীন তালুকদার ও তাঁর ছেলে আবদুস সাত্তার জনসমক্ষে খুন হন। এই মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। নবীন তালুকদারের ছেলে ও মামলার বাদী কয়ছর বলেন, ‘শত শত মানুষের সামনে খুন হয়েছেন আমার বাবা ও ভাই। সেই মামলা প্রত্যাহার হয় কীভাবে?’ এ কথা বলে কেঁদে ফেলেন তিনি। বদরপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক আলী আকবরসহ ১৪ জনকে এই মামলায় আসামি করা হয়েছিল।
ভোলা জেলা জজ আদালতের পিপি জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের মামলা থেকে রক্ষা করতে স্থানীয় নেতাদের সুপারিশসহ জাতীয় কমিটিতে পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানি, বড় ধরনের তদবির ছাড়া সরকারের শেষ সময়ে এসব মামলা প্রত্যাহার করা সম্ভব নয়।’
মাগুরা: নয় বছর আগে প্রতিপক্ষের হাতে খুন হন মাগুরা সদর উপজেলার কুলসিয়া গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাস। এই মামলা প্রত্যাহারের জন্য অনানুষ্ঠানিক চিঠি (ডিও লেটার) দিয়ে সুপারিশ করেছেন স্থানীয় সরকারি দলের সাংসদ বীরেন শিকদার।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার কুলসিয়া গ্রামে খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন স্কুলশিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা ব্রজেন্দ্রনাথের ভাই দেবেন্দ্রনাথ বিশ্বাস, ভাতিজা অরবিন্দু বিশ্বাস ও সত্যেন্দ্রনাথ বিশ্বাসকে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় ব্রজেন্দ্রনাথ বিশ্বাস ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় দেবেন্দ্রনাথ বিশ্বাস মারা যান। পুলিশের তদন্তে বা আদালতে সাক্ষ্য-জেরায় এই খুনের ঘটনায় কোনো রাজনৈতিক কারণের কথা উল্লেখ নেই। তা ছাড়া মামলার বাদী বা আসামিরা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নন।
জানতে চাইলে সাংসদ বীরেন শিকদার বলেন, ‘আমি কোনো মামলা প্রত্যাহারের জন্য ডিও লেটার দিইনি।’ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, মামলাটি প্রত্যাহারের জন্য তিনি ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন। মূলত সাংসদের ডিও লেটার ও তদবিরের কারণেই মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। মামলাটি প্রত্যাহার করা হবে কি না, সে ব্যাপারে আদালত আজ রোববার সিদ্ধান্ত দেবেন।
ফরিদপুর: ২০০২ সালের ১২ অক্টোবর ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের উত্তর চর মাধবদিয়া গ্রামের আবদুর রব ব্যাপারীর ছেলে মনির ব্যাপারী নিহত হন। ওই দিন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার একটি বাড়িতে ঢুকে মনিরকে হত্যা করা হয়। এ ঘটনায় মনির ব্যাপারীর ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হকসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
২০০৪ সালের ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) দুলালউদ্দিন আকন্দ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। গত বছরের ৬ ডিসেম্বর এই মামলা থেকে শামসুল হকের নাম প্রত্যাহার করা হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফরিদপুরের পান্না বালা, ভোলার নেয়ামতউল্যা ও মাগুরার কবির হোসেন]