রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ ও রাজশাহীতে চাঞ্চল্যকর ১০টি হত্যা মামলা ও বেশ কিছু মামলা এবং আসামিদের নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। গত বছরের ২২ আগস্ট এ সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: কাজীপুরের জোড়া খুনের দুই আসামির নাম এবং তাড়াশের একটি অপহরণ মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহার করেছে জাতীয় কমিটি।
জানা গেছে, ১৯৯৬ সালের ১৭ মার্চ কাজীপুরের মাজনাবাড়ী মৌজার গমখেত দখল করে আব্দুর রাজ্জাক ও শফিকুল ইসলাম অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করেন। বাধা দিলে প্রতিপক্ষের জেলহজ মিয়াকে খুন করা হয়। এ ছাড়া ফরহাদ হোসেনকে গুম করে তাঁর লাশ কেটে টুকরো করে যমুনায় ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় জেলহজের ছেলে রহিম একটি হত্যা মামলা করেন। আগে দুই দফায় মামলা প্রত্যাহার না হলেও শেষ বৈঠকে মামলার ৩৫ জন আসামির মধ্যে প্রথম আসামি মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান রাজ্জাক, তাঁর ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুলের নাম প্রত্যাহার করা হয়।
জেলা জজ আদালতের পিপি আব্দুর রহমান জানান, প্রত্যাহারের আবেদন যাচাই-বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
পাবনা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকা পাবনায় খুনের মামলাসহ ছয়টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে জাতীয় কমিটি।
একটি খুনের মামলার এজাহার থেকে জানা গেছে, ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর তাজেম মণ্ডল বাড়ি থেকে মাঠে জমি দেখতে যান। এ সময় চর সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাজেমের চাচাতো ভাই খিয়াল সরদার তাঁকে রক্ষার জন্য এগিয়ে যান। এ সময় তাঁর বুকেও গুলি করা হয়। গ্রামের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে আরও কয়েকজন আহত হয়। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাজেম ও খিয়াল মারা যান।
পাবনার পিপি বেলায়েত আলী জানান, এসব মামলা প্রত্যাহারের জন্য জেলা কমিটি কোনো সুপারিশ করেনি।
নওগাঁ: জেলায় একটি হত্যা মামলা প্রত্যাহার করে মান্দার মৈনম ফকিরপাড়ার এরশাদ আলীর ছেলে অহেদুল ইসলাম ও ওয়ালি হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম ব্রহানী সুলতান গামার ওষুধের দোকানের সামনে ২০০৬ সালের ৯ অক্টোবর ওই গ্রামের জেকের আলীর ছেলে আমিনুল ইসলাম খুন হন। এ ঘটনায় ব্রহানীর ছোট ভাই আসলাম বাদী হয়ে অহেদুল ও ওয়ালিসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন। অহেদুল মান্দার মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি শহিদুল ইসলাম জানান, রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ এসেছে।
রাজশাহী: ২৫ বছর আগের মামলাও প্রত্যাহার করা হয়েছে রাজনৈতিক মামলাসংক্রান্ত কমিটির শেষ বৈঠকে। ১৯৮৮ সালে রাজশাহী বোয়ালিয়া থানার মামলা হয়েছিল শিবিরের নেতা আসলাম হত্যা নিয়ে। মামলার আসামি করা হয় ৩৩ জনকে। কমিটির ১২তম সভায় মামলা থেকে নয়জনের নাম প্রত্যাহার করা হয়। পরে আসামি জহুরুল ইসলামসহ ২৪ জনের নাম মামলা থেকে প্রত্যাহারের জন্য গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়।