রাজনৈতিক বিবেচনায় ১৯ পশুর হাটের জন্য চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুটি স্থায়ী পশুর হাট রয়েছে। তবু এ বছর আরও ১৯টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে জেলা প্রশাসনের অনুমোদনের জন্য চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। রাজনৈতিক বিবেচনায় নামমাত্র মূল্যে এসব হাট ইজারা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনও ৮ আগস্ট জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাহায্যে ঈদুল আজহা সামনে রেখে তিন দিনের জন্য বিভিন্ন ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভায় ১৯টি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া প্রয়োজন। চিঠিতে যেসব জায়গার জন্য ইজারার অনুমতি চাওয়া হয়, সেগুলো হলো কাঁচপুরের রিলায়েন্স হাউজিং খোলা মাঠ, রায়েরটেক বালুর মাঠ, সনমান্দির অলিপুরা বাজার মাঠ, আলমদী দক্ষিণপাড়া চকবাজার মাঠ, শম্ভুপুরার ফরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ, হোসেনপুর এসপি ইউনিয়ন কলেজ মাঠ ও চরকিশোরগঞ্জ মাদ্রাসা মাঠ, জামপুরের মাঝের চর গাজী কালুর মাজার মাঠ, মুদ্দিরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাকুন্দা ঈদগাহ মাঠ ও শিরাব খেলার মাঠ, পিরোজপুরের মেঘনা শিল্পনগরী উচ্চবিদ্যালয় মাঠ, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয় মাঠ, বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাঠ, সোনারগাঁ ডিগ্রি কলেজ মাঠ, নোয়াগাঁওয়ের ধন্দীর বাজার মাঠ ও চরপাড়া খেলার মাঠ এবং সাদিপুরের পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয় মাঠ ও নলেজ কিং কলেজ মাঠ।
জেলা প্রশাসক কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বলেন, এসব অস্থায়ী পশুর হাট গত বছরও বসানো হয়েছিল। পাশাপাশি হাট বসানোকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছিল। রাজনৈতিক বিবেচনায় সরকারি দলের নেতা-কর্মী ও প্রভাবশালী ব্যক্তিদের চাপে দুই বছর ধরে প্রশাসন এসব অস্থায়ী হাট ইজারা দিতে বাধ্য হচ্ছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর অলিপুরা বাজার মাঠ ১১ হাজার, মুদ্দিরপুর মাঠ ১০ হাজার ৬০০, গাজী কালুর মাজার মাঠ ১০ হাজার ৫০০, পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয় মাঠ ১১ হাজার ৫০০, নলেজ কিং কলেজ মাঠ ৫ হাজার ১০০, রিলায়েন্স হাউজিং মাঠ ১ লাখ ১৫ হাজার, শিরাব জামে মসজিদ মাঠ ১০ হাজার ৫০০, মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠ ১০ হাজার ৫০০, হোসেনপুর এসপি ইউনিয়ন কলেজ মাঠ ১৫ হাজার ৬০০, ফরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ ১২ হাজার, আলমদী দক্ষিণপাড়া চকবাজার মাঠ ১০ হাজার ৯০০, পাকুন্দা ঈদগাহ মাঠ ১০ হাজার ৫০০, চরপাড়া জামে মসজিদ মাঠ ১০ হাজার ৫০০, ধন্দীর বাজার মাঠ ১৩ হাজার ২০০, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয় মাঠ ১০ হাজার ৪০০, মেঘনা শিল্পনগরী উচ্চবিদ্যালয় মাঠ ১৬ হাজার, সোনারগাঁ ডিগ্রি কলেজ মাঠ ১১ হাজার ও বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাঠ ২৬ হাজার ২৫০ টাকায় ইজারা দেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এসব পশুর হাট ইজারা নিয়ে রাজনৈতিক দলের নেতারা টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন। গত দুই বছরে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে ইজারাদারেরা টাকা দেননি।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব অস্থায়ী পশুর হাটের ইজারার জন্য জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হয়েছে। আর ইজারাদারেরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ ব্যয় করেন কি না, তা আমার জানা নেই।’