দেশের ৩৫ জন বিশিষ্ট নাগরিক সরকার ও বিরোধী দলের কাছে তিন দফা দাবি জানিয়ে চলমান রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির জন্য সত্যিকার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা বলেছেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে উগ্রবাদী শক্তি গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ চেতনার ওপর চরম আঘাত হানতে পারে।
এই নাগরিকেরা বিরোধী দলের রাজনীতিকদের গ্রেপ্তার না করতে ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দলের কাছে দাবি জানিয়ে বলেছেন, বিরোধী দল যেন হরতাল-অবরোধের মতো কর্মসূচি ও সহিংস কার্যক্রম থেকে বিরত থাকে। উভয় দলের কাছে দাবি জানিয়ে তাঁরা বলেছেন আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধ দ্রুত মীমাংসা করতে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই অনতিবিলম্বে এ উদ্যোগ নেওয়ার জন্য আমরা দলগুলোর প্রতি আহ্বান জানাই।’
বিবৃতিদাতাদের মধ্যে আছেন জিল্লুর রহমান সিদ্দিকী, জামিলুর রেজা চৌধুরী, এস এম আল হোসাইনী, এম হাফিজ উদ্দিন খান, এ এস এম শাহজাহান, আবদুল মতিন, আকবর আলি খান, সি এম সফি সামি, রাশেদা কে চৌধূরী, রফিক-উল হক, হামিদা হোসেন, সেলিনা হোসেন, সৈয়দ আবুল মকসুদ, শাহদীন মালিক, ইফতেখারুজ্জামান প্রমুখ। বিশিষ্ট নাগরিকদের পক্ষে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের স্বাক্ষরে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিবৃতিদাতারা মনে করেন, মুখে সংলাপের কথা বললেও আওয়ামী লীগ ও বিএনপি এ ব্যাপারে আগ্রহী নয়। সরকার একতরফা নির্বাচনের দিকে হাঁটছে। নির্বাচন ঠেকানোর জন্য বিএনপি অনিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছে। এতে সহিংসতা ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত প্রায় ৫০ জন ব্যক্তির অহেতুক প্রাণহানি ঘটেছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দলমত নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারের দমন-পীড়নে সংলাপের মাধ্যমে বিরোধ মীমাংসার পথ একেবারে বন্ধ হয়ে যাবে এবং অস্থিরতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিবৃতিদাতারা বলেছেন, ‘আমাদের আরও আশঙ্কা যে, উগ্রবাদী শক্তি এমনি পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শক্তি সঞ্চয় করতে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষ চেতনার প্রতি চরম আঘাত হানতে পারে।’ বিজ্ঞপ্তি।