রাজনৈতিক বিরোধের বলি সাংসদের বাসার সিঁড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আবদুল কুদ্দুসের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারের ভাড়া বাসার দোতলায় ওঠার সিঁড়ি গতকাল সোমবার সকালে গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ দিন ধরে সাংসদের সঙ্গে মেয়রের রাজনৈতিক বিরোধ চলে আসছে।দলীয় সূত্রে জানা গেছে, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংসদ ও মেয়রের মধ্যে বিরোধ চলছে। এর আগে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারপিট ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে একাধিক মামলাও করেছে।পৌরসভা সূত্র জানায়, সাংসদ যে বাড়িতে ভাড়া থাকেন, তার মালিক চিকন আলী পৌরসভার অনুমোদন না নিয়ে অবৈধভাবে সড়ক দখল করে বাড়ির দোতলায় ওঠার সিঁড়ি নির্মাণ করেন। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে ওই সিঁড়িটি ভেঙে দেওয়া হয়েছে।এদিকে চিকন আলী বলেন, বছর দুয়েক আগে বাড়িটি সাংসদ আবদুল কুদ্দুসকে ভাড়া দেওয়া হয়। দোতলায় ওঠার সুবিধার্থে সাংসদ নিজ খরচেই সিঁড়িটি নির্মাণ করেন। তবে রাস্তাজুড়ে সিঁড়িটি নির্মাণ করা হয়নি।সাংসদ আবদুল কুদ্দুস হজে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ভাতিজা গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘সিঁড়িটি রাস্তা দখল করে নির্মাণ করা হয়নি। মূলত সাংসদের বাসভবন কাম দলীয় কার্যালয় হওয়ায় দলের কার্যক্রম যাতে বাধাগ্রস্ত হয়, সে জন্য ঈর্ষান্বিত হয়ে মেয়র সিঁড়িটি গুঁড়িয়ে দিয়েছেন। এটা নিন্দনীয়।’গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সিঁড়ি ভাঙার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।মেয়র শাহনেওয়াজ আলী বলেন, রাজনৈতিক মতভেদ যা-ই থাকুক, পৌরবাসীর সুবিধার কথা বিবেচনা করেই অবৈধ সিঁড়িটি ভেঙে দেওয়া হয়েছে।