রাজনৈতিক বিরোধের সমাধান হওয়া উচিত সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হোলগার মিশায়েল বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত তাঁদের মধ্যকার বিরোধ জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা। রাজনৈতিক আলোচনার জন্য সংসদই সঠিক জায়গা।গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হোলগার বলেন, ‘জাতীয় সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে বের করতে জনগণই জাতীয় সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করে পাঠিয়েছে। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ সংসদে তাদের প্রতিনিধিদের বিতর্ক শুনবে এবং এর ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।’জার্মান রাষ্ট্রদূত আরও বলেন, গণতন্ত্রের এক অপূর্ব সুবিধা হলো, সংসদে আলোচনার মাধ্যমে কোনো রাজনৈতিক মত দাঁড় করানো যায়, যা গণতান্ত্রিক অধিকার যেমন—বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদ প্রকাশের পরিপূরক।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি মুক্ত ও পরিপক্ব সমাজ রয়েছে, যা সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যথাযথ ব্যবস্থা বেছে নিতে সক্ষম হবে।জার্মান রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ২০০৮ সালের নির্বাচনের মতো ভবিষ্যতেও সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিচারব্যবস্থা, দুর্নীতি দমন কমিশনসহ দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রদূত হোলগার। তিনি বলেন, ‘দুর্নীতি দমন আইনে যেসব সংশোধনের প্রস্তাব করা হয়েছে, সেদিকে আমরা সতর্ক নজর রেখেছি।’অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গ্রমীণ ব্যাংকের প্রধানের পদ থেকে অপসারণের কারণে বাংলাদেশে ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য দূরীকরণ অভিযান বাধাগ্রস্ত হবে কি না, জানতে চাইলে হোলগার বলেন, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের উদ্ভাবক হিসেবে অধ্যাপক ইউনূস জার্মানিতে অনেক সম্মানিত। জার্মানির অনেক কোম্পানি বাংলাদেশে সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগে আগ্রহী।