বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ
রাজনৈতিক বিশৃঙ্খলায় ক্ষতি ১১ হাজার কোটি টাকা
চলতি অর্থবছরে (২০১৩-১৪) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলেছে, অর্থবছরের প্রথমার্ধে বিশেষ করে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণেই প্রবৃদ্ধি কমে যেতে পারে।
বিশ্বব্যাংক হিসাব কষে দেখেছে, রাজনৈতিক বিশৃঙ্খলায় উৎপাদন ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৪০ কোটি ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৬ শতাংশ সেবা খাতে, ১১ শতাংশ শিল্প খাতে ও ৩ শতাংশ কৃষিতে ক্ষতি হয়েছে। হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে চাহিদা না থাকায় সেবা খাতই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছিল সরকার। সম্প্রতি এই লক্ষ্য কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়েছে। তবে চলতি অর্থবছরে ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে অপর দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বিদ্যুৎ খাত সম্পর্কে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ চাহিদার সময়ে এখনো ৩০ শতাংশ বিদ্যুৎ-ঘাটতি রয়েছে। বিদ্যুতের চাহিদা মেটাতে স্বল্পমেয়াদি যে উদ্যোগ (ভাড়ায় বিদ্যুৎকেন্দ্র) নেওয়া হয়েছে, তা টেকসই নয় বলে উল্লেখ করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের মতে, এতে বিদ্যুতের দাম কয়েক গুণ বেড়েছে। এই উদ্যোগ থেকে বেরিয়ে আসার গতিও কম।
প্রবৃদ্ধি: বিশ্বব্যাংকের মতে, বর্তমান উৎপাদন ক্ষমতা অনুযায়ী বাংলাদেশে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এবং যোগাযোগ, বিদ্যুৎ খাতে বিনিয়োগ হওয়ার পাশাপাশি তৈরি পোশাক খাতে ভাবমূর্তির সংকট মোকাবিলা করা হলে আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
সংবাদ সম্মেলনে জাহিদ হোসেন বলেন, এ বছর অর্থনীতি যে প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে, তাতে ৫ দশমিক ৪ শতাংশ অসন্তোষজনক নয়। এটি প্রলয়ঙ্করী সংখ্যা নয়, আকাশ ভেঙে পড়ছে না।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে প্রবৃদ্ধি কমে যাওয়ার বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো: রাজনৈতিক অনিশ্চয়তা, তৈরি পোশাক খাতে ভাবমূর্তি সংকট, আর্থিক খাতের ওপর চাপ, গ্যাস-সংকট, মহাসড়কে যানজট, অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ও বহিঃ খাতের দুর্বল চাহিদা। এ ছাড়া প্রবাসী-আয়প্রবাহের শ্লথগতি ও রাজনৈতিক বিশৃঙ্খলা—এই দুটি বিষয় চলতি অর্থবছরে প্রবৃদ্ধিকে টেনে ধরতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
রাজনৈতিক অস্থিরতা: বিশ্বব্যাংক মনে করে, মূলত গত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের রাজনৈতিক সহিংস কর্মসূচির কারণেই উৎপাদন ক্ষতি হয়েছে কমপক্ষে ১৪০ কোটি ডলার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবা খাত, উৎপাদন ব্যয়ও বেড়েছে। ব্যক্তি পর্যায়ে সেবা খাতের চাহিদা কম ছিল। তবে কৃষি খাত সবচেয়ে আক্রান্ত হয়েছে।
রাজনৈতিক বিশৃঙ্খলার ক্ষতি পরিমাপের ব্যাখ্যা দিয়ে জাহিদ হোসেন বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত ৪৫ দিন হরতাল ও অবরোধ হয়েছে। পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এ সময় কারখানা, স্কুল-কলেজ, রাস্তাঘাট বন্ধ ছিল, বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। হরতাল, অবরোধের ক্ষতি কতটা পুষিয়ে নেওয়া হয়েছে, তা বিবেচনা করে এই প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক।