রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ চাওয়া নজিরবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী নিয়ে সম্প্রতি বগুড়ায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ চাওয়া নজিরবিহীন। অন্য দেশে হলে দেশদ্রোহিতার মামলা হতো।গতকাল মঙ্গলবার ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে সৈয়দ আশরাফ এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কয়েক দিন আগে বগুড়ায় গিয়ে বাংলাদেশের রাজনীতি, শাসনব্যবস্থা ও সংবিধানে হস্তক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন। এটা নজিরবিহীন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে কি না, আমার সন্দেহ আছে। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হলে আজ খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হতো।’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার ওই দিনের ভাষণ পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে সবাই জানতে পেরেছে। বিএনপির পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে, খালেদা জিয়া এটা বলেননি। ‘শাক দিয়ে মাছ ঢাকা’ সম্ভব নয়।খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ একটি অদ্ভুত দেশ। সবকিছু বলেই পার পেয়ে যাবেন। মামলার বিষয়টা আসবে না। কারণ, তিনি সব আইনের ঊর্ধ্বে; পৃথিবীর আর কেউ সব আইনের ঊর্ধ্বে নয়।’স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, দুঃখজনক হলেও সত্যি, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য প্রথম থেকেই খালেদা জিয়া সবচেয়ে বেশি হিংস্র ভূমিকা নিয়েছেন। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, সে বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘যাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, স্বাধীনতার ৪২ বছর পরও তারা রাজনীতি করে। এটা কেবল বাংলাদেশেই সম্ভব। পৃথিবীর অন্য কোথাও এমনটা নেই।’