রাজনৈতিক বৈরিতা ভুলে কোলাকুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় চট্টগ্রামে ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। গত বুধবার সকালে ঈদের নামাজের পরপরই ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করার মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতে ওঠেন। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা এবং ভেদাভেদও হার মানে ঈদের খুশির কাছে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে নগরে মোট ২৪৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সিটি করপোরেশন আয়োজিত এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। জামাতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের নেতা ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আওয়ামী লীগদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ প্রমুখ। নগর আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের নেতারা এ সময় একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের সহসভাপতি ও মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত নেতা নুরুল ইসলামের সঙ্গে কোলাকুলি করেন। একইভাবে বর্তমান মেয়র মন্জুর আলমের সঙ্গে সাবেক এই মেয়র কোলাকুলি করেন। তবে নগর আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী আফছারুল আমীনের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীকে কোলাকুলি করতে দেখা যায়নি। তাঁরা মৌখিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে বিএনপির নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় অপর একটি জামাত। এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় অপর বৃহত্তম জামাত।