রাজনৈতিক মঞ্চ থেকে বলা কথা দুর্ভাগ্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে নিম্ন আদালতের আদেশ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আইন মোতাবেক আদেশ দেওয়া হয়েছে। আদেশ যদি আইনানুগ না হতো, নিশ্চয় তাঁরা এ ব্যাপারে চ্যালেঞ্জ করতেন। কোনো রকম চ্যালেঞ্জ হয়নি। সুতরাং যেসব কথা রাজনৈতিক মঞ্চ থেকে বলা হচ্ছে, তা খুবই দুর্ভাগ্যজনক। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম এসব কথা বলেন। তারেক রহমান পলাতক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত যখন কারও বিরুদ্ধে পরোয়ানা জারি করেন, তিনি হাজির না হলে তখন তো পলাতক। এ কারণে তারেক রহমানের জন্য এখানে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইন্টারপোলকে অনুরোধ করা হবে। ইন্টারপোল কীভাবে পদক্ষেপ নেয়, উনি (তারেক রহমান) কীভাবে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, সেটা নির্ভর করছে পরবর্তী বিষয়গুলোর ওপর।’ তারেককে দেশে ফিরিয়ে আনতে জটিলতা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ কথা বলতে পারি, ব্রিটিশ সরকারের অনুরোধে আমরা এ দেশ থেকে আসামিকে গ্রেট ব্রিটেনে পাঠিয়েছিলাম। আমরা আশা করব, আমাদের অনুরোধেও তারা কোনো আসামিকে ফেরত পাঠাবে।’