রাজনৈতিক মতভেদ থাকলেও নগর উন্নয়নে তাঁরা এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের ভেতর রাজনৈতিক মতভেদ থাকলেও নগর উন্নয়নে নিজেদের মধ্যে এখনো যোগাযোগ ও পরামর্শ আদান-প্রদান করেন। গতকাল শনিবার সিটি করপোরেশনের (সাবেক পৌরসভা) ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের ফাঁকে মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আলাপচারিতায় মগ্ন ছিলেন। গতকাল বেলা ১১টায় অনুষ্ঠানের অতিথি সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী অনুষ্ঠানস্থল কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে আসেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান সিটি মেয়র ও বিএনপির নেতা মন্জুর আলম। এরপর দুজন পাশাপাশি বসে প্রায় আধা ঘণ্টা কখনো হাস্যোজ্জ্বল কখনো চিন্তাশীল আলোচনায় ব্যস্ত ছিলেন। এসব আলোচনায় নগর উন্নয়নের বিষয়-আশয়ই প্রাধান্য পায়। মেয়র মন্জুর আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে ওনার (সাবেক মেয়র) সঙ্গে কথা হয়েছে। নগরের মাস্টার ড্রেনেজ প্রকল্প এবং সীমানা-সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছে। এ ছাড়াও নগরের সীমানা বাড়ানো-সংক্রান্ত বিষয়ে উনি আমাকে বলেছেন, গেজেট হয়ে গেছে। আপনি বাস্তবায়নের উদ্যোগ নেন। আমি তাঁকে বলেছি একটু জনমত যাচাই করে বিষয়টি করব।’গতকাল দুপুর সোয়া ১২টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর দুই মেয়রের মাঝখানে বসেন প্রধান অতিথি আফছারুল আমীন। আফছারুল আমীন বক্তব্য দিতে উঠলে মহিউদ্দিন চৌধুরী নিজের চেয়ার ছেড়ে আবার মন্জুর আলমের পাশে এসে আলাপে মেতে ওঠেন। মহিউদ্দিন চৌধুরীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্জুর আলমকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আমাদের দলে ছিলেন। এখন নেই। আমি আওয়ামী লীগ করি। আপনি বিএনপি। শহরের উন্নয়নের জন্য দল বড় কথা নয়।’