দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) নির্বাচনী এলাকায় রাজনৈতিক কারণে মামলা করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় প্রতিহিংসার রাজনীতির আশঙ্কা করা হচ্ছে। এতে সাধারণ মানুষকেও হয়রানির মধ্যে পড়তে হবে।
বিএনপি ও জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কারণে বর্তমান সরকারের সময়ে বিরামপুরে সাতটি মামলায় প্রায় ২০০ জন, নবাবগঞ্জে ১৫টি মামলায় ১১৪ জন, হাকিমপুরে ১১টি মামলায় ২৫ জন ও ঘোড়াঘাটে ১৯টি মামলায় ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েক শ জনকে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে দাবি করা হয়েছে, বিএনপি-জামায়াত জোট ক্ষমাতায় থাকাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নবাবগঞ্জে ১২টি, হাকিমপুরে একটি ও ঘোড়াঘাটে একটি মামলা দায়ের করা হয়। বিরামপুরে কোনো মামলা হয়নি।
তবে বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, নবাবগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ১২টি মামলার কথা বলা হচ্ছে, তা আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমানের ব্যক্তিগত মামলা। নবাবগঞ্জে বিএনপি কখনো আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেনি।
বিএনপির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমর সেলিম অভিযোগ করেন, ছোট্ট শহরে সবাই সবার পরিচিত। ইতিপূর্বে আওয়ামী লীগ সহিংস রাজনৈতিক কর্মসূচি পালন করলেও তাঁরা ক্ষমতায় থাকা অবস্থায় কোনো মামলায় কাউকে হয়রানি করা হয়নি। কিন্তু কোনো সহিংস কর্মকাণ্ড না করার পরও পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় তাঁদের নেতা-কর্মীদের জেলে পাঠানো হয়েছে। প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে।
জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির মুহাদ্দিছ এনামুল হক জানান, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোনো মামলা না থাকার পরও তাঁদের দলের নেতা-কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে সাজানো মামলায় জেলে দেওয়া হয়েছে। এসব মামলায় কয়েক হাজার নেতা-কর্মীকে হয়রানি করানো হচ্ছে।
বিএনপির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি শাহ মো. শামীম চৌধুরী বলেন, ব্যক্তি আক্রোশকে রাজনৈতিক রূপ দিয়ে আওয়ামী লীগের নেতারা পুলিশ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন। জামায়াতের মামলায় বিএনপির নেতা-কর্মীদের ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে।
বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, এবারের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শত শত মামলা মোকাবিলা করতে হবে। তবে সেসব মামলা হবে সত্য।
আওয়ামী লীগের বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোনো মামলা করেননি। পুলিশ মামলা করেছে। সেখানে আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল না। পুলিশের মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের না জানিয়ে সাক্ষী করার কারণে প্রতিবাদ ও সাক্ষীর নাম প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।
আওয়ামী লীগের হাকিমপুর উপজেলা শাখার সভাপতি আখতার হোসেন মুন্সি ও ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহেনশাহ দাবি করেন, জামায়াতের সহিংস কর্মকাণ্ডের কারণেই পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তবে তাঁদের এলাকায় নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করতে দেওয়া হয়নি।
জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, এসব মামলায় পুলিশ বাদী হলেও আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশেই পুলিশ মামলা দিতে বাধ্য হয়েছে। এলাকায় একের পর এক রাজনৈতিক মামলা ও সাধারণ মানুষকে হয়রানির কারণে এ এলাকায় প্রতিহিংসার রাজনীতি শুরু হতে পারে। বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার প্রথম আলোকে বলেন, সহিংস রাজনীতি ও মামলার কারণে এ এলাকার শান্তির আকাশে প্রতিহিংসার কালো মেঘ দেখা যাচ্ছে। এলাকার সম্প্রীতি ও ভ্রাতৃত্বে ফাটল দেখা দিয়েছে।
বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ জানান, রাজনীতিতে যখন দুর্বৃত্তায়ন ঢুকে পড়ে তখন প্রতিহিংসা, হয়রানি ও অশান্তি দেখা দেয়। আর মানুষকে অশান্তি দিয়ে, হয়রানি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না।