রাজনৈতিক মিত্রদের ঐক্যবদ্ধ করণীয় নির্ধারণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই দিনব্যাপী দ্বিবার্ষিক জাতীয় সম্মেলন ২০১০ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। আজ বেলা দুইটায় পল্টন ময়দানে সম্মেলনের উদ্বোধন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দলের নেতারা ও আমন্ত্রিত বিদেশি অতিথিরা বক্তব্য দেবেন। পল্টন ময়দানে সারা দেশ থেকে জাসদের প্রায় ১০ হাজার নেতা-কর্মী-সমর্থক উপস্থিত হবেন বলে দলীয় সূত্র জানায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হবে। কাউন্সিলর থাকবেন এক হাজার ২০৫ জন। কাল শুক্রবার রাত আটটা পর্যন্ত একাধিক বিরতিসহ কয়েকটি অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। এর আগে ২০০৬ সালে জাসদের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে দলটির সভাপতি হাসানুল হক ইনু গতকাল প্রথম আলোকে বলেন, সম্মেলনে বর্তমান সরকারের এক বছরের কার্যক্রম, গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা মহা ঐক্যজোট, বিগত চারদলীয় জোট সরকারের দুঃশাসনের মূল্যায়ন এবং সাম্প্রদায়িক-জঙ্গিবাদকে দেশের রাজনৈতিক মঞ্চ থেকে চিরবিদায় জানানোর জন্য রাজনৈতিক মিত্রদের ঐক্যবদ্ধ করণীয় নিয়ে আলোচনা ও কর্মপন্থা নেওয়া হবে।এ ছাড়া মুক্তবাজার অর্থনীতির বিশৃঙ্খলা থেকে জাতীয় অর্থনীতিকে বের করে এনে সামাজিক অর্থনীতির ধারায় পরিচালিত করার লক্ষ্যেও সম্মেলনে প্রস্তাব গ্রহণ করা হবে বলে তিনি বলেন।দলীয় সূত্র জানায়, এই জাতীয় সম্মেলনের আগে সারা দেশের ৭১টি সাংগঠনিক জেলার মধ্যে ৫৪টির আনুষ্ঠানিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। বাকিগুলো সময়ের অভাবে করা যায়নি, পরে করা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত, চীনা দূতাবাসের রাজনৈতিক সচিব ও ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার বক্তব্য দেবেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক ও ভারতীয় লোকসভার সাবেক সদস্য দেবব্রত বিশ্বাস এবং এই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্যোগ-ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী মর্তুজা হোসেন।স্বাধীনতার অব্যবহিত পর, ১৯৭২ সালের ৩১ অক্টোবর ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করে জাসদের জন্ম। সদ্যস্বাধীন দেশের ভেঙে পড়া অর্থনীতি ও অবকাঠামো এবং বিশৃঙ্খল সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজ বদলের লক্ষ্যে জাসদের সরকারবিরোধী ভূমিকা তরুণদের বিশেষভাবে আকৃষ্ট করে। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সেনা-অভ্যুত্থানের সঙ্গে জাসদের সংশ্লিষ্টতা ছিল। এর মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করলেও ২৫ নভেম্বর দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া হয়। এরপর একাধিকবার দলটি আত্মকলহে ভাঙনেরও শিকার হয়। বর্তমানে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন ধারাটিই জাসদের মূলধারা হিসেবে সক্রিয়।