রাজনৈতিক শুভেচ্ছায় ঢেকে গেছে শহীদের মুখ!
দেখে বোঝার উপায় নেই এটি মুক্তিযুদ্ধের একটি সঞ্চৃতি ভাস্কর্য। রাজনৈতিক শুভেচ্ছা আর বাণিজ্যিক বিজ্ঞাপনের ব্যানারে এটির চারপাশ ঢেকে গেছে। বিজ্ঞাপনের আগ্রাসন থেকে রক্ষা পায়নি ভাস্কর্যের চূড়া থেকে মেঝে পর্যন্ত। ঢাকা পড়েছে নামফলকও। অযত্ন আর অসম্মানে দাঁড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের এই সঞ্চৃতি ভাস্কর্যটির অবস্থান ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্বাধীনতাযুদ্ধে ভৈরবে ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এর মধ্যে একজন বীর প্রতীকও রয়েছেন। শহীদদের সঞ্চৃতি ধরে রাখার জন্য ২০০০ সালের ১৭ এপ্রিল মহাসড়কের গুরুত্বপূর্ণ এই স্থানে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় কিশোরগঞ্জ জেলা পরিষদ। সঞ্চৃতি ভাস্কর্যের নাম দেওয়া হয় ‘দুর্জয় ভৈরব’। তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নির্মাণকাজ উদ্বোধন করেন। এর পর থেকে দূরের যাত্রীরা ভৈরবকে চিহ্নিত করে মূলত এই ভাস্কর্য দেখেই। প্রতিবছর বিজয় ও স্বাধীনতা দিবসে মধ্যরাতে এই ভাস্কর্য চত্বরে প্রশাসনের পক্ষ থেকে তোপধ্বনি ও শ্রদ্ধা নিবেদন করা হয়। নির্মাণের পর থেকে ভাস্কর্যটির যত্নে যত্নশীল ছিল না প্রশাসন। স্থানীয় লোকজনও এর গুরুত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে পারেনি। শুরুতে ট্রাফিক পুলিশ দখলে নিয়ে এর পাদদেশে দাঁড়িয়ে কর্তব্য পালন করেন। ট্রাফিকমুক্ত হওয়ার পর চলে যায় ছিন্নমূল মানুষের দখলে। বর্তমানে দখলস্বত্ব প্রতিষ্ঠা করে আছেন স্থানীয় ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতা-কর্মীরা। গত বুধবার সরেজমিনে ভাস্কর্যের করুণ দশা চোখে পড়ে। বড় বড় ডিজিটাল ব্যানারে এটির চারপাশ আচ্ছাদিত হয়ে আছে। এসব ব্যানারে শোভা পাচ্ছে স্থানীয় সাংসদ নাজমুল হাসান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি শরীফুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিনের ছবি। তাঁদের সমর্থকেরা নানা ইস্যুতে শুভেচ্ছা জানিয়ে ব্যানার সাঁটিয়েছেন। বাদ যায়নি হারবালের পণ্যের অরুচিকর ভাষার বিজ্ঞাপনও। ভাস্কর্যটি দেখার এতটুকু জায়গা অবশিষ্ট রাখেনি শুভেচ্ছাওয়ালারা। ফলে নামফলক থেকে শুরু করে কোনো কিছুই আর লোকজনের নজরে আসছে না। মুক্তিযোদ্ধাদের গণ-অভিযোগ, ভাস্কর্যে আলোর ব্যবস্থা নেই। এই কারণে বছরে দুবার আনুষ্ঠানিকতা পালন করতে হয় বাস বা ট্রাক থামিয়ে ওই যানের আলো দিয়ে। মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। জানতে চাইলে বলেন, ‘পুরো চিত্রটি অরুচিকর। ভাস্কর্যের প্রতি অসম্মান। তার পরও কিছু করার থাকে না।’ ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বিজ্ঞাপনের আগ্রাসনের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিজয় দিবসের আগেই ভাস্কর্য পরিচ্ছন্ন হয়ে যাবে।