রাজনৈতিক সংকট অবনতির আগেই পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকটের গুরুতর অবনতির আগেই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এর থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।গতকাল শুক্রবার সেগুনবাগিচায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় পরিষদের সভায় এ আহ্বান জানানো হয়। সভার গৃহীত প্রস্তাবে বলা হয়, কোনো বুদ্ধিতেই দলীয় সরকারের অধীন জাতীয় নির্বাচনের অবকাশ নেই। এ ক্ষেত্রে আওয়ামী লীগের জেদ ও একগুঁয়েমি দেশকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে।সভায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার বিরুদ্ধে বাম মোর্চার ডাকা ১৬ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সভায় আলোচকরা নন-এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুস সালামের সভাপতিত্বে সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্য নেতারা বক্তব্য দেন।