রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপ প্রয়োজন: ড. কামাল

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য সবাইকে নিয়ে একটি জাতীয় সংলাপ প্রয়োজন। প্রত্যেকের যার যার অবস্থান থেকে এই সংলাপের জন্য চাপ সৃষ্টি করতে হবে।
আজ বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান ও সংস্কার-ভাবনা নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে কামাল হোসেন বলেন, আপনি বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তবে এটি কোন সংবিধান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, এটা নিজের স্বার্থে সংশোধন করে জনগণের সংবিধান বলে চালিয়ে দিচ্ছেন। এ ব্যাপারে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এটা ছিল না। এটা জনগণের সঙ্গে প্রতারণা ও বেইমানি।
২০০৬ সালেও বর্তমান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া একইভাবে সংবিধানের দোহাই দিয়েছিলেন উল্লেখ করে ড. কামাল বলেন, এর পরিণতি ভালো হয়নি। তিনি বলেন, সংবিধান এমন কোনো বিষয় নয় যে জনগণের স্বার্থে পরিবর্তন করা যাবে না।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমানে জনপ্রশাসন আইনের অধীনে সরকারি কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এতে সরকারি কর্মকর্তাদের পক্ষে সরকারের প্রভাবে থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।
নির্বাচনী ইশতেহার ঘোষণার আগেই নির্বাচনী প্রচার-প্রচারণা চলে। এতে দুটি দলই কোটি কোটি টাকা ব্যবহার করছে। এ ব্যাপারে কোনো আইন নেই। এমনকি রিটার্নিং কর্মকর্তা কোনো সিদ্ধান্ত নিলে, এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এ ব্যাপারে আইনে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন থাকা উচিত।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলকে মুখোমুখি আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জুন। এ বিষয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, চীনারা কখনো অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে মুখ খোলেন না। কিন্তু বাংলাদেশের জন্য চীনের এই আহ্বান খুবই তাত্পর্যপূর্ণ। এটা আমাদের দুই দলকে মাথায় রাখতে হবে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ আহমেদের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।