বিএনপিসহ ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের মধ্যে দেশজুড়ে পেট্রলবোমা হামলা ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষ। ‘পুড়ছে মানুষ, জ্বলছে দেশ, জেগে ওঠো বাংলাদেশ’—এমন নানা স্লোগানে গতকাল শনিবার মুখর হয়ে ওঠে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর নগর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করে দেশে চলমান রাজনৈতিক সংকট দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছে।
এসএসসি পরীক্ষাকে হরতাল-অবরোধের আওতামুক্ত করতে রাজশাহীসহ কয়েকটি স্থানে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল নগরের পিকচার প্যালেস মোড়ে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে নগরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি শুরুর আধা ঘণ্টার মধ্যেই রাস্তার দুপাশ দিয়ে মানুষের সারি একদিকে সার্কিট হাউস ময়দান, অন্যদিকে শিববাড়ি মোড় ছাড়িয়ে যায়। তাদের সবার হাতে ছিল সন্ত্রাস-নাশকতাবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। এ ছাড়া মানববন্ধন চলাকালে খুলনা সাংস্কৃতিক জোটের শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
মানববন্ধন থেকে বক্তারা রাজনৈতিক কর্মসূচির নামে সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তাঁরা একদিকে যেমন বিএনপিকে দায়ী করেন, তেমনি এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিতে পারায় সরকারেরও সমালোচনা করেন।
এ ছাড়া এসএসসি পরীক্ষার সময়েও বিএনপি অবরোধ-হরতালের মতো কর্মসূচি অব্যাহত রাখায় একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা রাজনীতি করবেন করেন। কিন্তু রাজনীতির নামে আমাদের, আমাদের সন্তানদের বিরক্ত করবেন না।’
দেশের চলমান রাজনৈতিক স্থবিরতা ও সংকট দ্রুত নিরসনের আহ্বান জানিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নারী শিল্পোদ্যোক্তারা যৌথভাবে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, দেশে মানুষ হত্যা ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হলে প্রয়োজনে দুই নেত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করবেন। তিনি আরও বলেন, সারা দেশে আন্দোলন কর্মসূচির নামে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষকে জিম্মি করে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। অবিলম্বে সংকট নিরসনে দুই নেত্রীকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জামাত খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, চলমান পরিস্থিতি নিয়ে পুলিশ এখন সাধারণ মানুষকে হয়রানি করছে। প্রকৃত নাশকতাকারীদের ধরতে ব্যর্থ হয়ে সাধারণ মানুষকে ধরে এনে বাণিজ্য করছে।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গতকাল বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাবুদ্দিন। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশের ১৬ কোটি মানুষকে জিম্মি করে ঘৃণ্য তৎপরতা শুরু করেছে। অবরোধের নামে পেট্রলবোমায় মানুষ হত্যা করা হচ্ছে।
রংপুর প্রেসক্লাবের সামনে ‘পরিবর্তন চাই’ নামের একটি সংগঠনের আয়োজনে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনের মূল স্লোগান ছিল ‘সহিংসতা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেয়। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগঠনের সদস্য ডালিয়া নওশীন, আবির রিফাত, তুর্জ আহমেদ প্রমুখ।