রাজনৈতিক সংকট নিয়ে সরকার কথা বলতে চাইলে সানন্দে রাজি ড. ইউনূস
দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে সরকার যদি ড. মুহাম্মদ ইউনূসের কথা শুনতে চায়, তাহলে তিনি সানন্দে কথা বলতে রাজি আছেন।গতকাল সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস এ কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এরপর সেখানে ড. ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সাংবাদিকেরা জানতে চান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ড. ইউনূসের সঙ্গে কথা বলছে। এ নিয়ে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন কি না।জবাবে ড. ইউনূস বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল আমার কাছে আসছে। সরকারের কেউ যদি আমার কথা শুনতে চায়, তাহলে আমি কথা বলতে রাজি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সংঘাত কমবে, শান্তি বাড়বে।’ তিনি আরও বলেন, ‘আমার কোনো ভূমিকা যদি কেউ নিতে চায়, তাতে আমার আপত্তি থাকার কিছু নেই। আমি তো কারও কাছে গিয়ে কিছু বলছি না। তাঁরা (রাজনীতিবিদ) আসছেন বলে বলছি। সরকারের কেউ যদি শুনতে চায়, সানন্দে রাজি হব।’দীর্ঘস্থায়ী শান্তির জন্য রাজনীতিবিদদের সমঝোতায় পৌঁছার ওপরও গুরুত্বারোপ করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।প্রসঙ্গত, এর আগে ২২ আগস্ট কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং ৭ জুলাই বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারা বাংলাদেশের একটি প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। গত ২৭ জুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওই মাসে খালেদা জিয়ার অভিনন্দনপত্র নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে দেখা করে।