রাজনৈতিক সংগঠনের কার্যালয় তোরণ-ফেস্টুনে হাত লাগেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত ও সরকারি জায়গা দখল করে তৈরি করা রাজনৈতিক সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদে গত তিন দিনে কোথাও অভিযান চালায়নি ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি)। তবে গত বুধ ও বৃহস্পতিবার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ফুটপাতের দোকান উচ্ছেদ করা হলেও এসব এলাকায় স্থাপিত রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও তোরণে হাত দেওয়া হয়নি।বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগর ভবনের সামনে থেকে বঙ্গবন্ধু এভিনিউর পশ্চিম পাশ, জিপিওর সামনে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হয়ে মতিঝিলের বলাকা ভবন, উত্তরা ব্যাংক ভবন থেকে পূর্বে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উত্তর পাশের ফুটপাতে অভিযান চালায় ডিসিসি দক্ষিণ। বিকেল পাঁচটার দিকে এসব এলাকায় গিয়ে দেখা যায়, আওয়ামী যুবলীগের তিনটি তোরণসহ অসংখ্য ফেস্টুন-ব্যানার অক্ষত রয়েছে। জানতে চাইলে ডিসিসি দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘উচ্ছেদের বেশির ভাগই ফুটপাতের দোকানপাট।’ ফুটপাত ও সরকারি জায়গায় অবৈধ কার্যালয় উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, ‘এগুলোর প্রোগ্রাম রাতে করতে হবে। দিনে এগুলো উচ্ছেদ করতে গেলে জন চলাচলে ঝুঁকি ও যানজট হয়।’জানা যায়, বৃহস্পতিবার ডিসিসির উত্তর এলাকায় অভিযান হয়নি। তবে বুধবার রাত ১১টা থেকে ভোর তিনটা পর্যন্ত উত্তরার ৪ ও ৬ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ফুটপাতের কিছু দোকান উচ্ছেদ করা হয়। এ সময় একটি সমবায় সমিতির কার্যালয়ও উচ্ছেদ করা হয় বলে দাবি করেন ডিসিসি উত্তরের সম্পত্তি কর্মকর্তা শফিকুর রহমান।ফুটপাতে বসা ‘আমের মেলা’ বা কোনো রাজনৈতিক সংগঠনের ‘অবৈধ কার্যালয়’ ভাঙা হয়েছে কি না—জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘রাতের বেলায় তো আমের মেলা থাকে না। আর অবৈধ স্থাপনা ভাঙতে গেলে অনেক সময় লাগে। দুই কাজ একসঙ্গে করা যায় না।’