রাজনৈতিক সংঘাতে ছয় মাসে নিহত হয়েছেন ১৩২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহত এবং পাঁচ হাজার ২২৪ জন আহত হয়েছেন। এ সময়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের ১৬৩টি ঘটনা ঘটে। বিএনপির অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটে ১৩টি।
গতকাল মঙ্গলবার প্রকাশিত অধিকারের ষাণ্মাসিক মানবাধিকার প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে ১৮ জন নিহত ও এক হাজার ৬২১ জন আহত হয়েছেন এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুজন নিহত ও ১২৯ জন আহত হয়েছেন। গত ছয় মাসে ১০৮ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। বিচারবহির্ভূত হত্যার মধ্যে সর্বোচ্চ ৭১ জন পুলিশের হাতে নিহত হয়েছেন। বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে ২১ জন জামায়াত-শিবিরের, ১২ জন বিএনপির এবং তিনজন আওয়ামী লীগের নেতা-কর্মী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সময়ে গুমের ঘটনা ঘটে ২৮টি।
অধিকারের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে গণপিটুনিতে ৬৩ ব্যক্তি নিহত হন। ধর্ষণের শিকার হন ২৮৯ জন নারী। প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আইনপ্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্টসদস্যদের বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।