রাজনৈতিক সংঘাতে জিডিপির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে। দশম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংঘাতের কারণেই এই পদক্ষেপ নিতে হয়েছে।
আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উত্থাপিত ২০১৩-১৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ-সংক্রান্ত প্রতিবেদনে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, গত বছরের শেষের তিন মাসের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অর্জন করা সম্ভব নয়। তবে তিন মাসের হরতাল-অবরোধ সত্ত্বেও দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের ছয় মাসের (ডিসেম্বর ২০১৩ পর্যন্ত) গতি-প্রকৃতি অনুযায়ী এ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি হবে বলে আশা করা করা যায়। তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে বা তার আগেই দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সকল সম্ভাবনা ও প্রস্তুতি সরকারের রয়েছে।
অর্থমন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরে বিশ্বব্যাংক ও আইএমএফের প্রক্ষেপণ মোতাবেক জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে যথাক্রমে ৫ দশমিক ৭ এবং ৬ শতাংশ।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৫৯ কোটি (জিডিপির ১৪.১ শতাংশ) টাকা। ডিসেম্বর ২০১৩ পর্যন্ত মোট রাজস্ব অর্জিত হয়েছে ৬৪ হাজার ৭১৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি এবং বাজেটের লক্ষ্যমাত্রার ৩৮ দশমিক ৬ শতাংশ। সার্বিকভাবে রাজস্ব আহরণের এ ধারা সন্তোষজনক।

অর্থমন্ত্রী আরও জানান, ২০১২-১৩ অর্থবছরে কৃষি, রপ্তানি, খাদ্য ও অন্যান্য খাতে ভর্তুকি বাবদ প্রকৃত ব্যয় ছিল ১৫ হাজার ২৫৮ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে ভর্তুকি বাবদ বরাদ্দের পরিমাণ ১৫ হাজার ৪৪৩ কোটি টাকা। এর মধ্যে প্রথম ছয় মাসে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ৫ হাজার ৯৮১ কোটি টাকা যা বাজেট বরাদ্দের ৩৮ দশমিক ৭২ শতাংশ। ।

আবদুল মুহিত বলেন, মূল্যস্ফীতি স্থিতিশীল রাখার পাশাপাশি উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত রাখতে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের শুরুতে কিছুটা সংযত মুদ্রানীতি অনুসরণ করে। তিনি বলেন, রেপো ও রিভার্স রেপোর মাধ্যমে সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনার কারণে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাস পর্যন্ত বিরাজমান ব্যাপক মুদ্রার উচ্চ প্রবৃদ্ধির রাশ টেনে ধরা সম্ভব হয়েছে, যা মূল্যস্ফীতির ওপর ইতিবাচক প্রভাব রাখবে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সবশেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এরপর সংসদে অধিবেশন কাল মঙ্গলবার বিকেল পাঁচটা মুলতবি করা হয়।