রাজনৈতিক সংলাপের পথ বের করুন
বাংলাদেশসহ বিভিন্ন দেশে বাক্স্বাধীনতা ও গণতন্ত্রের জায়গা সংকুচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
হাইকমিশনার বাংলাদেশে সহিংসতা বন্ধ, রাজনৈতিক সংলাপের পথ বের করা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তাঁর দপ্তরের সঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনের নিয়মিত যোগাযোগ রাখা এবং তথ্য বিনিময় করারও পরামর্শ দিয়েছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় চলমান মানবাধিকার পরিষদের অধিবেশনে গতকাল নিজের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় দেওয়া উদ্বোধনী ভাষণে হাইকমিশনার বলেছেন, বিশ্বের অগণিত দেশে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো বাক্স্বাধীনতা ও গণতন্ত্রের জায়গাকে সংকুচিত করছে। এ বিষয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বক্তৃতায় তিনি বাংলাদেশসহ ১৬টি দেশের নাম উল্লেখ করেন। অন্য দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, বুরুন্ডি, কঙ্গো প্রজাতন্ত্র, মিসর, হাঙ্গেরি, মিয়ানমার, ফিলিস্তিনি ভূখণ্ড, রাশিয়া, সৌদি আরব, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।
বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে ভাষণে উদ্বেগ প্রকাশ করে হাইকমিশনার বলেন, দেশটিতে গত সপ্তাহে একজন মুক্তচিন্তার ব্লগার (অভিজিৎ রায়) ও তাঁর স্ত্রীর ওপর মর্মান্তিক হামলা হয়েছে, যা রাজনৈতিক সহিংসতার বিস্তৃতির সর্বশেষ উদাহরণ। এ পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অনেকে মারা গেছে। তিনি আরও বলেন, সুশীল সমাজ এবং বাক্স্বাধীনতাও এখন আক্রমণের শিকার হচ্ছে। তারা কেবল উগ্রপন্থীদের দ্বারাই আক্রান্ত হচ্ছে না; বরং সরকারি দমনমূলক আচরণেরও শিকার হচ্ছে। হাইকমিশনার বলেন, ‘আমি (জাতিসংঘের) মহাসচিবের সঙ্গে সুর মিলিয়ে সহিংসতা বন্ধ করতে, রাজনৈতিক সংলাপের পথ খুঁজতে এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার বিষয়টি নিশ্চিত করতে সব রাজনৈতিক নেতার প্রতি আহ্বান জানাচ্ছি।’
ভাষণে মানুষের স্বাধীনতা ও বাক্স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেছেন, বিশেষ করে গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলার বিষয়টি বাক্স্বাধীনতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। মূলত ভয়ভীতি দেখাতেই এগুলো করা হচ্ছে। তবে সরকারগুলো বাক্স্বাধীনতার ওপর যেসব কড়াকড়ি আরোপ করছে, সেগুলোই বাক্স্বাধীনতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।
বাক্স্বাধীনতাই প্রতিটি অংশগ্রহণমূলক সমাজের বড় স্তম্ভ উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘সমতার ধারণা গড়ে তোলার স্বাধীনতাই উপনিবেশবাদকে উৎখাত করেছিল। বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে শক্তি জুগিয়েছে এই স্বাধীনতাই। স্বৈরতন্ত্র রুখতে, বৈষম্য দূর করতে, ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিত করতেও আমাদের পূর্ণ এবং মুক্ত ও সুদূরপ্রসারী বাক্স্বাধীনতা দরকার। মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোথাও সুশাসন থাকতে পারে না।’
পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার সমুন্নত রাখতে হাইকমিশনের কাজের সঙ্গে বাংলাদেশ সম সময়ই সহযোগিতা করে আসছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিএনপি-জামায়াতের সহিংস কর্মকাণ্ডের বিষয়টি হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, সম্প্রতি যেসব কাপুরুষোচিত কর্মকাণ্ড ঘটানো হয়েছে, তার সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের তফাত নেই। অন্যদিকে হাইকমিশনার চলমান সংঘাতময় পরিস্থিতির একটা সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তাঁর দপ্তরের সঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনের নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তথ্য বিনিময় করার পরামর্শ দেন।
এর আগে গত বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, পর্যাপ্ত উন্নয়ন ছাড়া একটি রাষ্ট্র সব সময় সব নাগরিকের মানবাধিকার পুরোপুরি নিশ্চিত করতে পারে না। বাংলাদেশ সচেতনভাবেই উন্নয়নের এমন একটি পথ বেছে নিয়েছে, যেখানে মানব উন্নয়ন অর্জনে আবশ্যিকভাবেই উঁচু মাত্রার প্রবৃদ্ধির দিকে যাওয়া হয়নি।
যুক্তরাজ্যের আহ্বান: এদিকে বাংলাদেশে অব্যাহত সহিংসতার ৬০ দিন হওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। দেশটিতে অন্তত ৬০ দিন ধরে চলমান সহিংসতায় তিনি ব্যথিত। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।
বিবৃতিতে হুগো সোয়ার বলেন, ‘যুক্তরাজ্য সহিংসতা বন্ধ করতে, আস্থা গঠনের পদক্ষেপ নিতে, উত্তেজনা কমাতে এবং একটি সর্বজনীন ও সবার অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকার এবং সমাজের অন্যদের প্রতি আহ্বান জানাচ্ছে।’