দেশের বড় দুই রাজনৈতিক দলের শীর্ষপর্যায়ে নারী নেতৃত্ব থাকলেও সামগ্রিক রাজনীতিতে তাঁদের তেমন প্রতিনিধিত্ব নেই। তবে তাঁরা এখন অনেক বেশি রাজনীতিসচেতন। বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নারীরাই হতে পারেন প্রধান হাতিয়ার।গতকাল মঙ্গলবার সুফিয়া কামাল ফেলো কনফারেন্স ২০১০-এ বক্তারা এসব কথা বলেন। রাজধানীর এলজিইডি ভবনের আরডিসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট।অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, দেশে বেশির ভাগ ক্ষেত্রেই ব্যক্তিস্বার্থে রাজনীতি করা হয়। নির্বাচিত হয়ে রাজনীতিবিদেরা মনে করেন, তাঁরা সব ক্ষমতা পেয়ে গেছেন। কিন্তু এটাকে ক্ষমতা হিসেবে না দেখে দায়িত্ব মনে করলেই রাজনীতির অনেক সমস্যা দূর হয়ে যাবে। তিনি বলেন, ‘নারীদের রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এই ঝুঁকি পুরুষদেরই তৈরি।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, সুযোগ পেলে রাজনৈতিক অঙ্গনে নারী তাঁর অবস্থান করে নিতে পারেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সিপিবির কমিটিতে ২০১২ সালের মধ্যে ১৫ শতাংশ এবং ২০১৫ সালের মধ্যে ৩৩ শতাংশ পদে নারীদের রাখার জন্য কাজ করতে সর্বস্তরে নির্দেশ দেওয়া হয়েছে।’ ঢাকার সুইডিশ দূতাবাসের মিশন উপপ্রধান স্যামুয়েল ইগেরো বলেন, সুইডেনে সাংসদদের ৪৭ শতাংশ এবং মন্ত্রিসভার ৫০ শতাংশ নারী। তাঁরা বিভিন্ন কাজে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, সুফিয়া কামাল ফেলো মরিয়ম শেলী ও বেগম বদরুন্নেসা বক্তব্য দেন। আয়োজকেরা জানান, রাজনীতিসচেতন নারীদের খুঁজে বের করতে ২০০৭ সালে দেশের আটটি জেলায় সুফিয়া কামাল ফেলো কর্মসূচি শুরু করা হয়। পরে ১০০ জনকে ফেলো নির্বাচিত করা হয়। গতকাল তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হয়।