রাজনৈতিক সংহতি নিশ্চিত না হলে বাংলাদেশের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গত বুধবার বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি: সমৃদ্ধি ও নিরাপত্তা’ শীর্ষক এক বক্তৃতায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এ শঙ্কা ব্যক্ত করেন তিনি।
নিশা দেশাই বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনৈতিক সংহতির প্রতি গুরুত্ব দিয়ে যাচ্ছি। রাজনৈতিক সংহতি ছাড়া আরও স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে।’
একই বক্তৃতায় আর্থসামাজিক খাতে বাংলাদেশের বেশ কিছু অর্জনের কথা উল্লেখ করে তার প্রশংসা করেন নিশা। তিনি বলেন, বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার মতো বিষয়গুলোতে দারুণ সাফল্য দেখিয়েছে দেশটি।
রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে নিশা বলেন, ‘আমরা দেশটির তৈরি পোশাক খাতের পরিবেশ উন্নত করতে কাজ করে যাচ্ছি।’ জি নিউজ।