উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির ৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের মানুষই রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সক্রিয়। দেশের ৬৫ ভাগ মানুষ রাজনৈতিক সভা-সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার এক জরিপে এ তথ্য পেয়েছে। ‘স্প্রিং ২০১৪ গ্লোবাল অ্যাটিচিউট সার্ভে’ শিরোনামের জরিপটির প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। গত এপ্রিল-মে মাসে ৩৩টি দেশে জরিপটি করা হয়। বাংলাদেশে সরাসরি কথা বলা হয় ১৮ ঊর্ধ্ব এক হাজার মানুষের সঙ্গে।
জরিপে দেখা গেছে, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ৬৫ শতাংশ। মধ্যম সারির অংশগ্রহণ ২৯ এবং কম অংশগ্রহণ করে ৫ শতাংশ মানুষ।
বাংলাদেশের অবস্থার বিপরীত এশিয়ার অন্যান্য দেশগুলোতে। ভারত, পাকিস্তানসহ এশিয়ার অপর পাঁচটি দেশে জরিপটি করা হয়। এতে দেখা গেছে, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এ অঞ্চলে মানুষের রাজনৈতিক অংশগ্রহণ সবচেয়ে কম। যেমন পাকিস্তানে মাত্র ১২ শতাংশ মানুষ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়।
রাজনৈতিক সক্রিয়তায় সবচেয়ে এগিয়ে মধ্যপ্রাচ্যের মানুষ। জরিপে ওই অঞ্চলের যে ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে সবচেয়ে এগিয়ে মিসর। দেশটির ৬৩ শতাংশ মানুষ সক্রিয়ভাবে রাজনৈতিক সভা-সমাবেশে যোগ দেয়। তাদের অবস্থান সারা বিশ্বে বাংলাদেশের ঠিক পরে।
পিউ রিসার্চের জরিপের ফল অনুযায়ী, বাংলাদেশের ভোটারদের ৭৮ শতাংশ নির্বাচনে ভোট দেয়। রাজনৈতিক সভা-সমাবেশ বা প্রচারণায় যোগ দেয় ৪৮ শতাংশ। সুসংগঠিত কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় ৩৭ শতাংশ মানুষ। আর ৩২ শতাংশ মানুষ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য।
রাজনৈতিক বিষয়ে অনলাইনে সক্রিয়তার দিক দিয়েও এগিয়ে আছে বাংলাদেশের মানুষ, ৩৩ দেশের মধ্যে অবস্থান দ্বিতীয়। রাজনীতিবিষয়ক কোনো লেখায় মন্তব্য করে ২০ শতাংশ, লিংক পোস্ট দেয় ২১ শতাংশ। তবে এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ফিলিস্তিন। ওই দুই ক্ষেত্রে তাদের অংশগ্রহণ যথাক্রমে ২৬ ও ২৩ শতাংশ।