রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশ সংস্কার সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় নেতৃত্ব ছাড়া টেকসই পুলিশ সংস্কার কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য সরকারের আর্থিক সহযোগিতার নিশ্চয়তাও থাকতে হবে। পুলিশ সংস্কার কর্মসূচির দ্বিতীয় পর্বের মধ্যবর্তী সময়ের পর্যালোচনা প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পর্যালোচনা প্রতিবেদনটি তুলে ধরা হয়। পুলিশ বাহিনীর সংস্কারের জন্য ২০০৫ সালে শুরু হয় প্রথম পর্বের কর্মসূচি। ২০০৯ সালে তা শেষ হয়। দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু হয় সে বছরেরই সেপ্টেম্বর থেকে। প্রকল্প শুরুর পর এর মধ্যে আড়াই বছর পার হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি জানাতে মধ্যবর্তী সময়ের পর্যালোচনা প্রতিবেদন তুলে ধরা হয়। সংস্কার কর্মসূচির আন্তর্জাতিক পরামর্শক রোয়ান বার্নসলি ও দেশীয় পরামর্শক সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা প্রতিবেদনটি উপস্থাপন করেন। দুই কোটি ৯০ লাখ ডলারের এ প্রকল্পের মূল অর্থ জুগিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউকেএইড। পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের কাজ শুরু হওয়ার পর নারী পুলিশ ও বিভিন্ন ঘটনার শিকার নারীদের প্রতি আচরণের ইস্যুটি মূলধারায় আনা ও জোরদার করার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সে তুলনায় মানবাধিকার-সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অগ্রগতি হয়নি। তবে মডেল থানাগুলোয় বেশ অগ্রগতি হয়েছে। এতে বলা হয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার বিষয়গুলো সংস্কারে স্বীকৃত হতে হবে। নতুন প্রকল্পের ব্যাপারে সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়, পুলিশ আইন সংস্কার ও অন্যান্য ক্ষেত্রে আইনগত যেসব বাধা আছে, সেগুলোর সমাধানের জন্য কর্মপন্থা ঠিক করা দরকার। আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে যেসব ঝুঁকি রয়েছে, সেগুলো চিহ্নিত করে তা প্রশমনের ব্যবস্থা করা দরকার বলেও সুপারিশে উল্লেখ করা হয়।অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ বলেন, পুলিশ বাহিনীকে সেবামূলক বাহিনীতে পরিণত করতে সবাইকে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ইউএনডিপির এ দেশীয় পরিচালক স্টিফেন প্রিজনার বলেন, এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, নারী ও শিশু এবং থানা পর্যায়ে সেবা প্রার্থীদের উপযুক্ত সেবা প্রদান করা। ইউকেএইডের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ড্যানিয়েল ডেভিস বলেন, পুলিশ সংস্কার কর্মসূচি বাংলাদেশ পুলিশকে দীর্ঘমেয়াদি প্রচেষ্টায় সহায়তা দিয়ে যাচ্ছে। এতে বেশ কয়েকটি ক্ষেত্রে অগগতি হয়েছে।সংস্কার প্রকল্পের পরিচালক ও সিআইডির প্রধান মোখলেসুর রহমান প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন।