রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. বদিউজ্জামান
মো. বদিউজ্জামান

রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি প্রতিরোধে সফল হওয়া সম্ভব নয় বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। অন্যদিকে দুদকের সমালোচনা করে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে দুদক এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, যাতে মানুষ দুর্নীতিকে ভয় পাবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সিএজি কার্যালয়, দুদক, জাতীয় তথ্যকমিশন ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিএআই) মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি এসব কথা বলেন।
সভায় বেশ কয়েকজন আলোচক বলেন, দেশের বেশির ভাগ মানুষ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করছে। এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সিএজি মাসুদ আহমেদ বলেন, জনসংখ্যার বড় একটি অংশ দুর্নীতিকে সমর্থন করে। এই সমর্থন সুবিধাভোগীদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।
দুদক প্রতিষ্ঠার পর খুব কম অপরাধীই সাজা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুদকের কাজের পরিধি ব্যাপক। সে জন্য দরকার কাজের দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা। কিন্তু এ বিষয়ে অনেক ব্যবধান রয়েছে। অপরাধীর সাজা না হলে সমাজে কোনো মেসেজ যায় না।’

দুদক চেয়ারম্যান বলেন, সংসদে দুদক, সিএজি কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে ঝাল মিটিয়ে কঠোর সমালোচনা হয়। কিন্তু সংসদ সদস্যরা কখনোই দুর্নীতি বিস্তার ও প্রতিরোধ নিয়ে কোনো ধরনের আলোচনা করেন না। উন্নত দেশগুলোতে রাজনৈতিক সদিচ্ছা থাকার কারণে তারা সফল হয়েছে।

সিএজি, তথ্য কমিশন ও দুদকের একত্রে কাজ করার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, তিনটি দপ্তরই একত্রে কাজ করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। সে জন্য সমস্যাগুলো চিহ্নিত করা দরকার। প্রকৃত রোগ চিহ্নিত করতে পারলে তার উপশম করা যায়।

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, দুর্নীতি প্রতিরোধের একটি কৌশল হলো তথ্য প্রকাশ। বাংলাদেশে বর্তমানে ১ হাজার ১০০ আইন রয়েছে। সব কটি আইনের মধ্যে শুধু তথ্য আইনকে জনগণ সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ক্ষমতা যদি জনগণের মধ্যে চলে যায়, তাহলে জনগণই জবাবদিহি আনতে বাধ্য করবে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এম হুমায়ূন কবীর বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে দুদকের কাজে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করছি। স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টিতে আমরা অংশগ্রহণ করতে চাই।’

সভায় দুদক, সিএজি ও তথ্য কমিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য একটি কমিটি গঠন করা হয়।

এদিকে একই দিন দুদক কার্যালয়ে আয়োজিত আরেক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুর্নীতিবিরোধী লড়াইয়ে দুদক পুরোপুরি সফল না হলেও ব্যর্থ হয়নি।
জার্মান প্রতিষ্ঠান জিআইজেড ও বাংলাদেশের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে কমিশন চেয়ারম্যান আরও বলেন, ‘পাকিস্তান আমল থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা সফল হতে পারিনি। আমাদের এ লড়াই অব্যাহত রয়েছে। আমাদের দুর্ভাগ্যের বিষয় যে দুর্নীতি প্রতিরোধে অন্যান্য দেশ যেভাবে অগ্রগতি করেছে, আমরা তাদের সঙ্গে তাল মেলাতে পারিনি।’