পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও প্রশাসনিক জটিলতাকে দায়ী করেছেন পাহাড়ি নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে তাঁরা সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে এক নীতিনির্ধারণী সংলাপে তাঁরা এ মত প্রকাশ করেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার।
তিন পর্বে বিভক্ত দিনভর এই সংলাপের আয়োজক পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস। সহযোগিতায় ছিল বেসরকারি সংস্থা আরডিসি, মানুষের জন্য, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। পার্বত্য চুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ চুক্তি এখন নিজেই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন। তাঁর মতে, যাঁদের চুক্তি বাস্তবায়ন করার কথা, তাঁরাই এখন বাধা। তিনি চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচি নির্ধারণ করে সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এটা করা সম্ভব না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ ক্ষেত্রে তাঁকে দায়ী করা যাবে না বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন।
সন্তু লারমা অভিযোগ করেন, চুক্তি বাস্তবায়ন আশাব্যঞ্জক নয়। এর বাস্তবায়নের গতিধারা থেমে গেছে। দীর্ঘদিন ধরে সেখানে সেনা কর্তৃত্ব চাপিয়ে দেওয়া আছে। জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের মধ্যে কোনো সমন্বয় নেই। ব্রিটিশ আমলের মতো এখনো জেলা প্রশাসকেরাই হর্তাকর্তা। জেলা পরিষদকে অথর্ব অবস্থায় রাখা হয়েছে। তিনি বলেন, ‘আলোচনায় যেভাবে সিদ্ধান্ত হয়, সেভাবে আইন হয় না। আমি জীবনেও ভাবিনি চেয়ারম্যান হয়ে এত বছর থাকতে হবে। ভেবেছিলাম বছর দুয়েক থাকব। তারপর নির্বাচন হবে। এখন চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও যায় না, রাখতে গেলেও অন্তর দগ্ধ হওয়ার মতো অবস্থা।’
সন্তু লারমা বলেন, পার্বত্য অঞ্চলে তাঁদের নিরাপত্তাহীন জীবন, যা তাঁরা কখনো কল্পনাও করেননি। এ অবস্থার মধ্যেই বাঁচতে হচ্ছে। তিনি বলেন, মৌখিক চুক্তি অনুযায়ী সমতল থেকে যাওয়া চার লাখ লোককে অন্যত্র পুনর্বাসন করার কথা। বরং তাদের সংখ্যা আরও বেড়েছে। ফলে পাহাড়িরা সংখ্যালঘু হয়ে গেছে।
সংলাপে সুশীল সমাজ ও পাহাড়ি নেতারা পার্বত্য অঞ্চলে ভূমি বিরোধই প্রধান সমস্যা বলে মন্তব্য করেন। ভূমি বিরোধ নিষ্পত্তি ছাড়া সেখানে শান্তি আসবে না। এ ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের ওপর তারা গুরুত্বারোপ করেন।
চুক্তি বাস্তবায়নে সন্তু লারমার প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, চুক্তি বাস্তবায়নের জন্য অনির্দিষ্টকাল পর্যন্ত অপেক্ষা সম্ভব নয়।
এর আগে সংলাপের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তৃতায় পাবর্ত্য চুক্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘সরকারের প্রতি আস্থা রেখেই পাহাড়িরা শান্তি চুক্তি করেছে। আমরা সেই আস্থার মর্যাদা রাখব। এটা আমাদের অঙ্গীকার।’ তিনি বলেন, পাবর্ত্য চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের জন্য আদিবাসীদের আলাদা ভোটার তালিকা করা যায় কি না, তার জন্য অ্যাটর্নি জেনারেলের মতামত চাওয়া হয়েছে।
সংলাপের দ্বিতীয় পর্বে পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারম্যান সুলতানা কামাল প্রশ্ন রেখে বলেন, ‘পার্বত্য এলাকার তিনটা জেলায় ছয়টা ক্যান্টনমেন্ট কেন থাকবে? কেন আমরা সেখানে যেতে পারব না? নিরাপত্তার অজুহাতে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে।’
সাংসদ ঊষাতন তালুকদার বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তি না হলে চুক্তি বাস্তবায়ন হবে না। পার্বত্য সমস্যাকে বাংলাদেশের সমস্যা মনে করতে হবে। এ ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মহীউদ্দিন আহমেদ বলেন, চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তারিকতার অভাব আছে। তা না হলে বাস্তবায়নে এত বছর লাগত না। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির চেয়ারপারসন গৌতম দেওয়ান বলেন, চুক্তির কয়টি ধারা বাস্তবায়ন হয়েছে কয়টি হয়নি, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে চুক্তির মূল চেতনা কতটুকু বাস্তবায়িত হয়েছে তার ওপর।
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, চুক্তি হয়েছে জনসংহতি সমিতির সঙ্গে। কিন্তু জনসংহতি সমিতি সেখানকার সব মানুষের প্রতিনিধি নয়। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের কারিগরি সমন্বয়ক মেসবাহ কামাল বলেন, সংবিধানের কিছু ত্রুটি সংশোধন করতে হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চুক্তির ৪৮টি ধারা বাস্তবায়ন করা হয়েছে। ১৫টির আংশিক বাস্তবায়ন হয়েছে। নয়টির হয়নি।
সংলাপে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন সাংসদ এ কে এম ফজলুল হক, ফজলে হোসেন বাদশা, মৃণাল কান্তি দাস, পীর ফজলুর রহমান, ইয়াসিন আলী, ফিরোজা আক্তার ও কাজী রোজী, আইন কমিশনের সদস্য শাহ আলম, কাজী সাজ্জাদ জহির, সঞ্জীব দ্রং প্রমুখ।
কথা রাখেনি সরকার: দিনটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) স্থানীয় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে। সভায় সন্তু লারমা বলেন, পাহাড়ি জনগণের হাতের অস্ত্রগুলো কেড়ে নেওয়াই ছিল চুক্তির উদ্দেশ্য। সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন তো করেইনি, বরং পাহাড়ে সামরিকীকরণ চলছে, ইসলামীকরণ করার ষড়যন্ত্র চলছে।
গতকাল পার্বত্য চট্টগ্রাম চুক্তির বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে সরকারের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হয়। সে প্রসঙ্গে ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টচার্য বলেন, এটি হলো প্রতারণার ক্রোড়পত্র।
আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, রাঙামাটির সাংসদ ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য সারা হোসেন প্রমুখ।