রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতার অভাবে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা যাচ্ছে না। একই সঙ্গে স্বার্থান্বেষী কিছু আইনজীবীর বাধার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির কাছে চট্টগ্রামের বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাগবে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিষদের সচিব অ্যাডভোকেট শংকর প্রসাদ দে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় পরিষদের আহ্বায়ক জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, পরিষদের প্রধান সমন্বয়কারী মো. কাশেম কামাল, সদস্য বজলুর রশিদ, বদরুল হুদা, ইকবাল হাছান, শিপলু কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিষদের প্রধান সমন্বয়কারী মো. কাশেম কামাল জানান, রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানে প্রধান বিচারপতি কর্তৃক হাইকোর্টের যে বেঞ্চ স্থাপন করা হয় তাই সার্কিট বেঞ্চ নামে পরিচিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতে ২৯টি রাজ্যের জন্য হাইকোর্ট রয়েছে ২৪টি। আর সার্কিট বেঞ্চ রয়েছে ১৪টি। ভারতে যদি কলকাতা থেকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ পরিচালনা করা সম্ভব হয়, তথ্য প্রযুক্তির যুগে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কেন নয়? ১৭ কোটি মানুষের জন্য ঢাকায় একটি মাত্র হাইকোর্ট আইনের দৃষ্টিতে সমতা ও নাগরিক অধিকার কোনো মাপকাঠিতেই গ্রহণযোগ্য নয়। ঢাকা ইতিমধ্যে বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। ঢাকার বাইরে সার্কিট বেঞ্চ হলে ঢাকাও বাঁচবে, জনগণও বাঁচবে। কিন্তু স্বীকার করতে বাধা নেই, ঢাকা কেন্দ্রিক কিছু স্বার্থান্বেষী আইনজীবী সার্কিট বেঞ্চ স্থাপনে বাধা হয়ে দাঁড়িয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতার অভাবে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন করা যাচ্ছে না।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে মতবিনিময় হয়। এ সময় তিনি কিছু জ্যেষ্ঠ বিচারপতি ও আইনজীবীর সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বিচার বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ২০০৭ সালে বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর বিচার বিভাগের কাছে বিচারপ্রার্থীদের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন মাইলফলক হিসেবে থাকবে বলে পরিষদ মনে করে।