কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মস্থলে বা তার বাইরে কোনো ধরনের রাজনৈতিক সভায় অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সাবধান করে দেওয়ার জন্য সচিবদের বলা হয়েছে।
একাধিক সচিব জানান, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। আগের দিন টেলিফোনে সব সচিবদের এ সভায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় সূত্রে জানা গেছে, সভায় সচিবদের উদ্দেশে মোল্লা ওয়াহিদুজ্জামান বলেন, বিভিন্ন মাধ্যম ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন মন্ত্রণালয়ে দাবি-দাওয়া আদায়ের নামে আন্দোলন করছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সরকারি চাকরিজীবী। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশ নেওয়া তো দূরের কথা, রাজনৈতিক বক্তব্য দেওয়াও আমাদের জন্য অপরাধ। সচিবালয়ে বা তার বাইরে রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নেওয়া বা সভা সমাবেশ ডাকাও শাস্তিযোগ্য অপরাধ। তাই কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না। কেউ এ ধরনের কর্মসূচি বা সভায় জড়িত হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সচিবালয়ে ঢোকার পাস দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যে কাউকে পাস দেওয়া যাবে না। আর সচিবালয়ে ঢোকার বিষয়ে যাঁদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাঁদের ঢুকতে দেওয়া যাবে না। সচিবদের সতর্ক করে তিনি বলেন, এখন সরকারের শেষ সময়। নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করা হয়েছে।
সভায় দুজন জ্যেষ্ঠ সচিব বলেন, ঢালাওভাবে কাউকে পাস দেওয়া হয় না। তবে সাবেক সহকর্মীরা সচিবালয়ে আসতে চাইলে তাঁদের পাস না দেওয়া বা বারণ করা ঠিক হবে না। আরেকজন সচিব বলেন, আমার মনে হয় না কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে। তার পরও কেউ যাতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হন, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে।
আরেকটি সূত্র জানায়, এই বৈঠকের পর আইন সচিবসহ কয়েকজন সচিব আলাদা বৈঠকে বসেন।
এদিকে গতকাল কয়েকজন সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা দু-একদিনের মধ্যে মাসিক সমন্বয় সভা ডেকে এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে দেবেন। কেননা, সরাসরি এ ধরনের নির্দেশ দেওয়া হলে তা নিয়ে গণমাধ্যমে সমালোচনা হতে পারে। তাই মাসিক সমন্বয় সভার মাধ্যমেই এ নির্দেশনা দেওয়া উচিত।
এ বৈঠকের বিষয়ে কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী ভিন্ন মত পোষণ করে প্রথম আলোকে বলেন, সরকারি কর্মচারী থাকা অবস্থায় সংবিধান লঙ্ঘন করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ‘জনতার মঞ্চ’ করতে পারলে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন আন্দোলন করতে পারবেন না। তা ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মসূচি বা শোভাযাত্রায় নেওয়া হয় কীভাবে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধি ১৯৭৯ অনুযায়ী, সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধির ২৫-এর উপবিধি-১-এ বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী বাংলাদেশের কোনো রাজনৈতিক আন্দোলনে অথবা বাংলাদেশ-বিষয়ক কোনো ব্যাপারে অংশগ্রহণ করিতে, সাহায্যার্থে কোনো চাঁদা দিতে বা যেকোনোভাবে সহযোগিতা করিতে পারবেন না।’
সচিবালয়ে সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে। সব সরকারের শেষ সময়ে এগুলোর তৎপরতা বেড়ে যায়। আবার মন্ত্রীরা শপথ নেওয়ার দিনও ফুলের তোড়া নিয়ে এসব সংগঠন ব্যাপক তৎপর থাকে।