রাজনৈতিক সমঝোতার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
আলোচনা ও সমঝোতার ভিত্তিতে চলমান রাজনৈতিক সংকট দূর করার দাবি জানিয়েছে চট্টগ্রামের কয়েকটি ব্যবসায়ী সংগঠন। অবিলম্বে হরতাল, অবরোধ ও রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা বন্ধ করা না হলে ব্যবসায়ীরাও কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গতকাল সোমবার দুপুরে নগরের বিপণিবিতানের (নিউমার্কেট) সামনে চট্টগ্রাম দোকান মালিক সমিতি ফেডারেশনের আয়োজনে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, টানা অবরোধের কারণে দেশের প্রত্যেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। এভাবে আর কিছুদিন চললে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ব্যবসায়ীরা আয়কর, ভ্যাট ইত্যাদি দেওয়া বন্ধ করে দেবেন।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক কামালউদ্দিন তালুকদার, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ, চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সোলায়মান, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গণি, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সগীর আহমেদ, মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল্লাহ সাইফু, অক্সিজেন ব্যবসায়ী সমিতির সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।