চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে কাশ্মীর-সমস্যার সুষ্ঠু ও স্থায়ী সমাধান করতে হবে। এ জন্য তাঁরা দক্ষিণ এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।গতকাল রোববার ‘কাশ্মীর ইস্যু এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা: বাংলাদেশের তরুণসমাজের ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটির (এসএওয়াইপিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম মনিরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি এস এম খসরুল আলম কুদ্দুসী।সেমিনারে বক্তারা বলেন, কাশ্মীর-সমস্যা শুধু ভারত-পাকিস্তানের সমস্যা নয়; এটি দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের রাজনৈতিক সমস্যা। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সুষ্ঠু সমাধান না করা গেলে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে চরম মূল্য দিতে হবে।সেমিনারে অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম, লোক প্রশাসন বিভাগের সভাপতি আবদুন নূর, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ইন্দ্রজিৎ কুণ্ড, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল হক বক্তব্য দেন।